
নিজস্ব প্রতিবেদক, কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ব্যস্ততম বাণিজ্যিক কেন্দ্র হাজিরহাট বাজারে ফুটপাত দখল ও যত্রতত্র যানবাহন পার্কিংয়ের কারণে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে প্রতিদিন চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ, পথচারী ও যাত্রীসাধারণ।
সরেজমিনে দেখা যায়, বাজারের মাছঘাট এলাকা থেকে উত্তর মাথা এবং গাড়ি স্ট্যান্ড থেকে দক্ষিণ মাথা পর্যন্ত প্রায় সারাক্ষণই যানজট লেগে থাকে। বাজারের মূল সড়কের দুই পাশের ফুটপাত দখল করে গড়ে উঠেছে অবৈধ দোকানপাট। ফল বিক্রেতা, হকার ও ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা ফুটপাত ছাড়িয়ে সড়কের একাংশ দখল করে ব্যবসা পরিচালনা করছেন। এতে পথচারীদের চলাচলের জন্য কোনো জায়গা অবশিষ্ট নেই।
ফলে বাধ্য হয়ে পথচারীদের সড়ক দিয়েই চলাচল করতে হচ্ছে, যা যানজটকে আরও তীব্র করে তুলছে। বিশেষ করে বাজারের উত্তর অংশে ভ্যান ও অটোরিকশার জটলা এবং দক্ষিণ অংশে অনিয়ন্ত্রিত গাড়ি স্ট্যান্ড পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
স্থানীয়দের অভিযোগ, নির্দিষ্ট শৃঙ্খলার অভাবে যাত্রীবাহী বাস, সিএনজি ও অটোরিকশা যত্রতত্র দাঁড়িয়ে থাকছে। পাশাপাশি ব্যস্ত সময়েও মালবাহী ট্রাকসহ বড় যানবাহন বাজার এলাকায় প্রবেশ করায় দীর্ঘ সময় স্থবির হয়ে থাকছে যান চলাচল।
বাজারে আসা একাধিক ক্রেতা জানান, মাছ বাজার এলাকায় চলাচল করাই এখন কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। ফুটপাত দখল হয়ে যাওয়ায় রাস্তার মাঝখান দিয়েই চলতে হয়, আর সেখানেই দাঁড়িয়ে থাকে যানবাহন। কয়েক মিনিটের পথ পাড়ি দিতে কখনো কখনো আধা ঘণ্টারও বেশি সময় লাগছে।
এই যানজটে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছে শিক্ষার্থী ও রোগীবাহী অ্যাম্বুলেন্স। জরুরি মুহূর্তেও যানজটে আটকে থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।
এ অবস্থায় দ্রুত ফুটপাত দখলমুক্ত করা, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং গাড়ি স্ট্যান্ডে শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন ব্যবসায়ী ও এলাকাবাসী। তাঁদের আশঙ্কা, যথাসময়ে কার্যকর ব্যবস্থা না নিলে হাজিরহাট বাজারের যানজট পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।
