
নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর : চাঁদপুর সদর উপজেলার ৯ নম্বর বালিয়া ইউনিয়নে স্বামীর সঙ্গে ফোনে কথা কাটাকাটির পর ফারজানা আক্তার (১৮) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকে যৌতুকের চাপ ও মানসিক নির্যাতনের কারণে তিনি এ পথ বেছে নিতে বাধ্য হয়েছেন। তবে পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
মঙ্গলবার দুপুরে উপজেলার বালিয়া ইউনিয়ন-এর দফাদার বাড়িতে এ ঘটনা ঘটে। ফারজানা ওই এলাকার আব্দুর রহমানের বড় মেয়ে।
নিহতের পরিবার জানায়, আট মাস আগে পারিবারিকভাবে চাঁদপুর সদরের লক্ষ্মীপুর ইউনিয়নের শাহাজান কবিরাজ বাড়ির মমিন গাজীর সঙ্গে ফারজানার বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই স্বামীর সঙ্গে তার দাম্পত্য কলহ শুরু হয় বলে দাবি পরিবারের।
ফারজানার বাবা আব্দুর রহমান বলেন, “বিয়ের পর আট মাসের মধ্যে প্রায় পাঁচ মাসই আমার মেয়ে বাবার বাড়িতে ছিল। জামাই তাকে শ্বশুরবাড়িতে রেখে দিত, খোঁজখবর নিত না। উল্টো যৌতুকের জন্য চাপ দিত।”
তিনি আরও বলেন, ঘটনার দিন দুপুরে ফারজানার সঙ্গে তার স্বামীর ফোনে কথা হয়। কথা কাটাকাটির একপর্যায়ে ফারজানা ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখেন।
পরিবারের দাবি, বিয়ের পর থেকেই ফারজানার ওপর যৌতুকের জন্য চাপ সৃষ্টি করা হচ্ছিল। শাশুড়ি ও স্বামী তাকে বিভিন্ন সময় মানসিকভাবে নির্যাতন করতেন বলেও অভিযোগ করেন স্বজনেরা। এসব কারণে ফারজানা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে পরিবারের ধারণা।
তবে অভিযুক্ত স্বামীর পরিবারের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানা-র এসআই মোখলেসুর রহমান ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। পরে তা ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এসআই মোখলেসুর রহমান বলেন, “প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহমেদ জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত চলছে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com