

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর–৩ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, স্বাধীনতার পর যাঁরা দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিলেন, তাঁদের রাজনৈতিক দলগুলোর সহযোগিতায় সাধারণ ক্ষমা দেওয়া হয়েছিল। কিন্তু ওই সাধারণ ক্ষমার সম্মান তাঁরা দিতে জানেননি।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে লক্ষ্মীপুর জেলা শহরের ঝুমুর এলাকার বিজয় স্মৃতিস্তম্ভে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ‘যাঁরা দেশের স্বাধীনতা চাননি, যাঁরা শত্রু হিসেবে চিহ্নিত ছিলেন, তাঁদের সাধারণ ক্ষমা দেওয়া হয়েছিল জাতীয় স্বার্থে। কিন্তু তাঁরা সেই সুযোগকে অবমূল্যায়ন করেছেন। কখনো আওয়ামী ফ্যাসিবাদের সঙ্গে, আবার কখনো আওয়ামী বিরোধী আন্দোলনে যুক্ত হয়ে তাঁরা নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করেছেন।’
তিনি মুক্তিযুদ্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকার কথা উল্লেখ করে বলেন, ‘কালুরঘাট বেতারকেন্দ্র থেকে জিয়াউর রহমান যদি ঐতিহাসিক স্বাধীনতার ঘোষণা না দিতেন, যদি তিনি মুক্তিযুদ্ধের নেতৃত্ব না দিতেন এবং রণাঙ্গনে অস্ত্র হাতে যুদ্ধ না করতেন, তাহলে স্বাধীন বাংলাদেশ আজও প্রশ্নবিদ্ধই থেকে যেত।’
এ্যানি আরও বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন। তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর শাহাদাতের পর খালেদা জিয়া আপোষহীন নেতৃত্ব দিয়ে দেশ পরিচালনা করেছেন এবং পরপর তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। জিয়াউর রহমান ছিলেন একজন জনপ্রিয় রাষ্ট্রপতি এবং খালেদা জিয়া ছিলেন একজন জনপ্রিয় প্রধানমন্ত্রী।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, সদর উপজেলা (পূর্ব) বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, জেলা ওলামা দলের সভাপতি শাহ মোহাম্মদ এমরানসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com