

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : চাঁদপুরের ফরিদগঞ্জে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে চলা অবৈধ বাজার উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। সোমবার বিকেলে ফরিদগঞ্জ উপজেলার চির্কা চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অভিযান চালানো হয়।
অভিযানটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেটু কুমার বড়ুয়া। তাঁর সঙ্গে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ–আর–এম জাহিদ হাসান, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহআলম শেখ এবং থানা পুলিশের সদস্যরা।
স্থানীয় লোকজনের ভাষ্য, ১৯৪৫ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর পাশের নয়াহাট বাজারের সুবিধা নিয়ে বিদ্যালয়ের মাঠে সপ্তাহে দুদিন—শুক্রবার ও সোমবার—বাজার বসত। দীর্ঘদিন ধরে মাঠ দখল করে বাজার চলায় বিদ্যালয়ের স্বাভাবিক পাঠদান ব্যাহত হচ্ছিল। শিক্ষার্থীরা খেলাধুলা ও শরীরচর্চার সুযোগ হারাচ্ছিল। এ নিয়ে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সচেতন ব্যক্তিদের মধ্যে ক্ষোভ বাড়ছিল।
অভিযোগের প্রেক্ষিতে শিক্ষার অনুকূল পরিবেশ ফিরিয়ে আনতেই অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ইউএনও সেটু কুমার বড়ুয়া বলেন, ‘বিদ্যালয়ের মাঠে বাজার বসার কারণে শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি হচ্ছিল। সকালে সমাবেশও ঠিকভাবে করা যাচ্ছিল না। সরকারি সম্পত্তি ও শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় এই অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতে এমন অনিয়ম কোথাও দেখা গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
উচ্ছেদের পর মাঠটি শিক্ষার্থীদের ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়েছে বলে প্রশাসন জানিয়েছে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com