
নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর : বিদেশের মাটিতে সচ্ছলতার স্বপ্ন নিয়ে গিয়েছিলেন দুই ভাই। কিন্তু সেই স্বপ্ন মুহূর্তেই বিলীন হয়ে গেল এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায়। সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার একই পরিবারের দুই সহোদর। তাঁদের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতরা হলেন চন্দ্রগঞ্জ ইউনিয়নের গণিপুর গ্রামের খলিফা বাড়ির ব্যবসায়ী আব্দুল মালেকের বড় ছেলে ফয়েজ আহমেদ সজীব ও মেজো ছেলে ফরহাদ হোসেন সুজন। পরিবারের হাল ধরতে তাঁরা পাড়ি জমিয়েছিলেন সৌদি আরবে।
পারিবারিক ও সহকর্মীদের সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দিবাগত শেষ রাতে সৌদি আরবে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল নিয়ে ফেরার পথে এক ভয়াবহ দুর্ঘটনার শিকার হন তাঁরা। তাঁদের বহনকারী গাড়িটিকে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী গাড়ি সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়।
গতকাল বুধবার সকালে এই মৃত্যুর সংবাদ গ্রামে পৌঁছালে এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়। কামারহাট বাজারসহ পুরো চন্দ্রগঞ্জ ইউনিয়নে নেমে আসে বিষাদের ছায়া। আদরের দুই সন্তানকে হারিয়ে বাবা আব্দুল মালেক ও মা বারবার মূর্ছা যাচ্ছেন। স্বজনদের আহাজারিতে গণিপুর গ্রামের পরিবেশ ভারী হয়ে উঠেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, সজীব ও সুজন অত্যন্ত বিনয়ী, পরোপকারী ও পরিশ্রমী ছিলেন। পরিবারের বড় দুই সন্তানকে হারিয়ে পরিবারটি এখন দিশেহারা। এলাকাবাসী বলেন, ‘পরিবারের সচ্ছলতা ফেরাতে তাঁরা প্রবাসে গিয়েছিল। এভাবে লাশ হয়ে ফিরতে হবে, তা কেউ কল্পনাও করেনি।’
সামাজিক যোগাযোগমাধ্যমে এই দুই ভাইয়ের মৃত্যুতে শোকের ঢল নেমেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যবসায়ীরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
নিহতদের স্বজনরা এখন কেবল তাঁদের শেষবারের মতো দেখার অপেক্ষায় আছেন। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় ও সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের জরুরি সহযোগিতা কামনা করেছেন তাঁরা। স্বজনদের আকুতি, অন্তত শেষবারের মতো যেন দুই ভাইয়ের মুখ দেখার সুযোগ পান এবং নিজ গ্রামে তাঁদের দাফন করতে পারেন।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com