সৌদি আরবের উপহার: দেশের বিভিন্ন জেলায় ১২ হাজার ২৫০ কার্টন খেজুর বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৪ মাস আগে

নিজস্ব প্রতিবেদক : সৌদি আরবের পক্ষ থেকে উপহার হিসেবে পাওয়া ১২ হাজার ২৫০ কার্টন খেজুর দেশের বিভিন্ন জেলায় বরাদ্দ দিয়েছে সরকার। সৌদি বাদশাহ প্রতিষ্ঠিত King Salman Humanitarian Aid and Relief Center–এর দেওয়া এসব খেজুর জেলা প্রশাসকদের অনুকূলে বরাদ্দ দেওয়া হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর–এর ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে জানা গেছে, সৌদি আরব থেকে বাংলাদেশকে মোট ১২ হাজার ৫০০ কার্টন খেজুর উপহার দেওয়া হয়। গত ১ মার্চ এসব খেজুর জেলাভিত্তিক বণ্টনের জন্য জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়। পরে ৫ মার্চ স্বাক্ষরিত সংশোধিত বরাদ্দপত্রে মোট ১২ হাজার ২৫০ কার্টন খেজুর বিভিন্ন জেলায় বরাদ্দ দেওয়া হয়।

প্রথম বরাদ্দে ঢাকায় মাস্তুল ফাউন্ডেশন–কে ১৮৫ কার্টন, ঢাকাস্থ সৌদি আরব দূতাবাস–কে ৫০ কার্টন এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ–কে ১৫ কার্টন খেজুর দেওয়া হয়েছিল। তবে পরবর্তী সংশোধিত আদেশে এসব বরাদ্দ বাতিল করা হয়। এতে কুমিল্লা, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ফরিদপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, নওগাঁ, দিনাজপুর, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলায় বরাদ্দ কিছুটা কম-বেশি হয়েছে।

কোন জেলায় কত খেজুর

সর্বশেষ বরাদ্দ অনুযায়ী—
ঢাকায় ২৯৭ কার্টন, নারায়ণগঞ্জে ১০১, গাজীপুরে ১০৩, মুন্সিগঞ্জে ১৮০, মানিকগঞ্জে ১৭১, নরসিংদীতে ১৮৮, টাঙ্গাইলে ৩০০, কিশোরগঞ্জে ২৮০, ফরিদপুরে ২১০, গোপালগঞ্জে ১৭৫, মাদারীপুরে ১৫৭, শরীয়তপুরে ১৭৩ ও রাজবাড়ীতে ১১০ কার্টন খেজুর দেওয়া হয়েছে।

এ ছাড়া ময়মনসিংহে ৪১৪, নেত্রকোনায় ২২৬, জামালপুরে ১৭৭, শেরপুরে ১৩৭, চট্টগ্রামে ৫০০, কক্সবাজারে ১৮৭, রাঙ্গামাটিতে ১৩০, খাগড়াছড়িতে ৯৭, বান্দরবানে ৯০, কুমিল্লায় ৫০০, ব্রাহ্মণবাড়িয়ায় ২৬০, চাঁদপুরে ২৩৫, নোয়াখালীতে ২৪৩, লক্ষ্মীপুরে ১৫৪ ও ফেনীতে ১১২ কার্টন বরাদ্দ দেওয়া হয়েছে।

রাজশাহীতে ১৯০, চাঁপাইনবাবগঞ্জে ১১৬, নওগাঁয় ২৫০, নাটোরে ১৩৫, পাবনায় ১৯৬, সিরাজগঞ্জে ২২১, বগুড়ায় ২৯১ ও জয়পুরহাটে ৮১ কার্টন খেজুর দেওয়া হয়েছে।

রংপুরে ২০১, কুড়িগ্রামে ১৯২, নীলফামারীতে ১৬১, গাইবান্ধায় ২১৪, লালমনিরহাটে ১১৬, দিনাজপুরে ২৬৫, ঠাকুরগাঁওয়ে ১৪১ ও পঞ্চগড়ে ১১২ কার্টন খেজুর বরাদ্দ দেওয়া হয়েছে।

খুলনায় ১৮২, বাগেরহাটে ২০৩, সাতক্ষীরায় ২০৭, যশোরে ২৪৭, ঝিনাইদহে ১৭৫, মাগুরায় ৯২, নড়াইলে ১০১, কুষ্টিয়ায় ১৭৪, মেহেরপুরে ৫১ ও চুয়াডাঙ্গায় ১০৫ কার্টন খেজুর দেওয়া হয়েছে।

এ ছাড়া বরিশালে ২৩৪, পটুয়াখালীতে ২০২, ভোলায় ১৮৭, পিরোজপুরে ১৩৯, বরগুনায় ১১০, ঝালকাঠিতে ৮২, সিলেটে ২৭৫, হবিগঞ্জে ২০০, মৌলভীবাজারে ১৭০ ও সুনামগঞ্জে ২২৫ কার্টন খেজুর দেওয়া হয়েছে।

কুমিল্লায় বরাদ্দ নিয়ে আলোচনা

এদিকে কুমিল্লা–৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ গত মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম Facebook–এ লাইভে এসে জানান, দেবিদ্বার উপজেলায় ৩৯ কার্টন খেজুর পাওয়া গেছে। এরপর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

এদিকে অভিযোগ উঠেছে, সৌদি আরবের উপহার হিসেবে পাওয়া খেজুরের মধ্যে কুমিল্লা জেলার ২০ কার্টনের হিসাব মিলছে না। কারণ, প্রথম বরাদ্দ তালিকায় কুমিল্লার জন্য ৫২০ কার্টন খেজুর নির্ধারণ করা হলেও সংশোধিত তালিকায় তা কমিয়ে ৫০০ কার্টন করা হয়েছে।