
দুই দিন বাড়িতে রাখার পর উদ্ধার করল পুলিশ
নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী : নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় মাটি খননের সময় একটি পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
সোমবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার জয়াগ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আজহার আলীর বাড়ি থেকে মর্টার শেলটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার জয়াগ ইউনিয়নের দৈয়ারা গ্রামের মানিক মিস্ত্রির বাড়ির পাশে শ্রমিকরা মাটি খোঁড়ার কাজ করছিলেন। এ সময় মাটির নিচে লোহার মতো শক্ত একটি বস্তু দেখতে পান তাঁরা। পরে সেটি পরিষ্কার করলে একটি মর্টার শেল শনাক্ত হয়।
তবে বিষয়টি সঙ্গে সঙ্গে পুলিশকে না জানিয়ে শ্রমিকরা শেলটি সেখান থেকে সরিয়ে এনে স্থানীয় এক বাড়িতে রেখে দেন। পরে খবর পেয়ে দুই দিন পর সোমবার দুপুরে পুলিশ গিয়ে জয়াগ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আজহার আলীর বাড়ি থেকে সেটি উদ্ধার করে।
পুলিশের ধারণা, উদ্ধার হওয়া মর্টার শেলটি অনেক পুরোনো এবং সম্ভবত দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ের হতে পারে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মর্টার শেলটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। বিষয়টি ঢাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।”
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে কিছুটা আতঙ্ক দেখা দিলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com