সেনবাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অগ্নিকাণ্ড, একটি শ্রেণিকক্ষ পুড়ে গেছে

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ সপ্তাহ আগে

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগ উপজেলার বকশিরহাট এলাকার বীজবাগ ডিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বিদ্যালয়ের একটি ভবনের নিচতলার একটি শ্রেণিকক্ষ সম্পূর্ণ পুড়ে গেছে।

রোববার (১ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক পাঁচটার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নুরুল কাউছার বলেন, আগুনে শ্রেণিকক্ষের ১৪ জোড়া বেঞ্চ, তিনটি ফ্যান এবং শিক্ষকদের চেয়ার-টেবিল সম্পূর্ণভাবে পুড়ে গেছে। আগুনের তীব্রতায় ভবনের দেয়ালের পলেস্তারা খসে পড়েছে। পাশের কক্ষগুলোও ধোঁয়ায় কালো হয়ে গেছে।

বিদ্যালয়টি সরাসরি ভোটকেন্দ্র না হলেও একই সীমানার ভেতরে অবস্থিত বীজবাগ এন কে উচ্চ বিদ্যালয় আসন্ন নির্বাচনে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে। নির্বাচনের ঠিক আগে এ অগ্নিকাণ্ডের ঘটনাকে ঘিরে স্থানীয় অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। অনেকেই ঘটনাটিকে রহস্যজনক বলে মনে করছেন।

সেনবাগ ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. ইলিয়াছ বলেন, বিকেল ৫টা ২৫ মিনিটে ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাশার বলেন, প্রাথমিকভাবে শর্টসার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা থাকলেও বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।