
নিজস্ব প্রাইভেটকারে কক্সবাজার থেকে আনা হচ্ছিল মাদক
নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী : নোয়াখালীর সেনবাগে যৌথ অভিযানে ৮ হাজার ৮৪০ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৭ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ। এর আগে সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের সেনবাগ উপজেলার সেবারহাট পূর্ব বাজার এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন ফেনীর দাগনভূঁঞা উপজেলার উত্তর গনিপুর গ্রামের মো. আমির হোসেন (৪২) এবং জয়নারায়নপুর গ্রামের মো. হারুন ভূঁঞা (৪০)।
অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১১টার দিকে র্যাব-৭, সিপিসি-১, ফেনী এবং জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথভাবে সেবারহাট এলাকায় চেকপোস্ট স্থাপন করে। এ সময় একটি কালো রঙের টয়োটা প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে ড্রাইভিং সিটের নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় আমির হোসেনের কাছ থেকে ৪ হাজার ৮৪০ পিস ইয়াবা, দুটি স্মার্টফোন ও নগদ ৬৭ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়। অপরদিকে হারুন ভূঁঞার প্যান্টের উরুর সঙ্গে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৪ হাজার পিস ইয়াবা, একটি স্মার্টফোন ও একটি বাটন মোবাইল উদ্ধার করা হয়।
মোট উদ্ধার হওয়া ইয়াবার পরিমাণ ৮ হাজার ৮৪০ পিস বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ বলেন, “গ্রেপ্তার ব্যক্তিরা কক্সবাজার থেকে ইয়াবার চালান এনে নোয়াখালী ও আশপাশের এলাকায় সরবরাহের প্রস্তুতি নিচ্ছিলেন। তাঁদের বিরুদ্ধে সেনবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।”
তিনি আরও বলেন, জেলায় মাদক পাচার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান অব্যাহত থাকবে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com