
নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা : সাতক্ষীরা রেঞ্জের সুন্দরবনে মধু আহরণে গিয়ে সাপের কামড়ে এক মৌয়াল আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। পরে তাঁকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত মৌয়ালের নাম আবুল কাশেম (৬০)। তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের খোলপেটুয়া গ্রামের বাসিন্দা।
বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১ এপ্রিল সাত সদস্যের একটি দল মধু আহরণের উদ্দেশ্যে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন থেকে অনুমতি (পাশ) নিয়ে সুন্দরবনে প্রবেশ করে। দলটি বনাঞ্চলের বিভিন্ন এলাকায় মধু সংগ্রহ করছিল।
আহত আবুল কাশেম জানান, বৃহস্পতিবার সকালে তিনি জঙ্গলের ভেতরে মধুর চাক খোঁজার সময় হঠাৎ একটি সাপ তাঁর মাথায় কামড় দেয়। সঙ্গে সঙ্গে তিনি হাত দিয়ে সাপটিকে সরিয়ে দেন। পরে তিনি বুঝতে পারেন, সেটি ‘লাউডগা’ সাপ ছিল।
সহযোগী মৌয়াল মহিউদ্দীন ইসলাম বলেন, সাপের কামড়ের পরপরই তাঁরা মধু সংগ্রহ বন্ধ করে দ্রুত আবুল কাশেমকে নিয়ে বন থেকে বের হওয়ার চেষ্টা করেন। পরে বন বিভাগের সহায়তায় মাঝপথ থেকে তাঁদের উদ্ধার করা হয় এবং সন্ধ্যার দিকে তাঁকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
সাতক্ষীরা রেঞ্জের সুন্দরবন পশ্চিম বিভাগের সহকারী বন সংরক্ষক মশিউর রহমান বলেন, খবর পাওয়ার পরপরই বন বিভাগের সদস্যরা আহত মৌয়ালকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ইন্দ্রজিৎ জোয়ারদার জানান, আক্রান্ত ব্যক্তির রক্ত পরীক্ষা করা হয়েছে। রক্তে বিষক্রিয়ার প্রমাণ পাওয়া যায়নি। তবে শারীরিক জটিলতা ও অ্যালার্জির লক্ষণ থাকায় তাঁকে পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে চিকিৎসকরা জানিয়েছেন।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com