

সাতক্ষীরা প্রতিনিধি : আসন্ন রাসপূজা ও রাসমেলা উপলক্ষে সুন্দরবনে জেলে ও বাওয়ালিদের প্রবেশ সাময়িকভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে বন বিভাগ। সোমবার (২৭ অক্টোবর) থেকে আগামী ৫ নভেম্বর পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
বন বিভাগের কর্মকর্তারা জানান, প্রতিবছর কার্তিক মাসে দুবলার চর ও আশপাশের চরে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী রাসপূজা ও রাসমেলা। এ সময় হাজারো তীর্থযাত্রী ও পর্যটকের আগমনে বনাঞ্চলের নিরাপত্তা ঝুঁকি বেড়ে যায়। নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় তাই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) বলেন, “রাসপূজার সময় কোনো জেলে বা বাওয়ালি সুন্দরবনে প্রবেশ করতে পারবে না। ২৭ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত পাস ইস্যু কার্যক্রম বন্ধ থাকবে।”
নিষেধাজ্ঞা জারি হওয়ায় জেলে-বাওয়ালিদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। নিলডুমুর এলাকার জেলে বাবুল আক্তার বলেন, “এই সময়টাই মাছ ধরার মৌসুম। এক সপ্তাহ পাস বন্ধ থাকায় জীবিকা নির্বাহে সমস্যা হবে।”
এ বিষয়ে সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাসানুর রহমান বলেন, “রাসমেলার সময় সুন্দরবনে হরিণ শিকার, জলদস্যুদের তৎপরতা ও অন্যান্য অপরাধমূলক ঘটনার আশঙ্কা থাকে। তাই নিরাপত্তার স্বার্থে ২৭ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত প্রবেশ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।”
তিনি আরও জানান, নিষেধাজ্ঞা চলাকালীন বন বিভাগসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সুন্দরবনের বিভিন্ন এলাকায় টহল জোরদার করবে।
বন বিভাগ জানিয়েছে, এটি একটি সাময়িক পদক্ষেপ। রাসমেলা শেষে স্বাভাবিকভাবে জেলে-বাওয়ালিদের জন্য পাস ইস্যু কার্যক্রম আবার চালু করা হবে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com