
সিরাজুল ইসলাম : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার হরিনগর ও আশপাশের এলাকায় সুন্দরবনে মধু আহরণ মৌসুম ঘিরে আবারও ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বনজীবী ও মৌয়ালদের অভিযোগ, বনের ভেতরে প্রবেশের আগে বিভিন্ন ডাকাত বাহিনীর সঙ্গে বাধ্যতামূলকভাবে “চুক্তি” করতে হচ্ছে এবং চাঁদা দিতে হচ্ছে।
স্থানীয়দের ভাষ্য, একসময় সুন্দরবনের প্রধান আতঙ্ক ছিল বাঘ। কিন্তু এখন সেই স্থান দখল করেছে “মানুষরূপী ডাকাত”, যারা বনজীবীদের জিম্মি করে মুক্তিপণ আদায় করছে বলে অভিযোগ উঠেছে।
মৌয়ালদের অভিযোগ, বনে প্রবেশের আগে জনপ্রতি ১০ থেকে ১৩ হাজার টাকা পর্যন্ত “ডিউটি খরচ” নামে চাঁদা দিতে হচ্ছে। কিছু ক্ষেত্রে একটি নৌকার জন্য কয়েক লাখ টাকা পর্যন্ত দিতে হচ্ছে বলে দাবি করা হয়। মুক্তিপণের টাকার লেনদেন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে হয় বলেও অভিযোগ রয়েছে।
একাধিক মৌয়াল জানান, ডাকাত বাহিনীর আলাদা আলাদা “টোকেন” বা চিহ্ন দেওয়া ৫ ও ১০ টাকার নোট ব্যবহার করা হয়। এসব টোকেন দেখাতে পারলে নির্যাতন থেকে রক্ষা মেলে বলে দাবি তাদের।
স্থানীয়রা আরও অভিযোগ করেন, ডাকাতদের তথ্য সংগ্রহ ও লেনদেন ব্যবস্থার সঙ্গে কিছু এজেন্ট জড়িত রয়েছে, যারা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা আদান-প্রদান করে বলে অভিযোগ উঠেছে। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
অন্যদিকে, বন বিভাগের তথ্যমতে সাতক্ষীরা রেঞ্জে প্রায় ১ লাখ ৮৭ হাজার হেক্টর বনভূমি রয়েছে। চলতি মৌসুমে ৯০টি অনুমতিপত্রে ৫৭২ জন মৌয়ালকে বনে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।
তবে বনজীবীদের অভিযোগ, অনুমতি থাকলেও নিরাপত্তাহীনতার কারণে তারা চরম ঝুঁকিতে রয়েছেন। কেউ কেউ ডাকাতদের ভয়ে বনে যেতে বাধ্য হচ্ছেন, আবার কেউ মুক্তিপণ দিয়ে প্রাণে বাঁচছেন।
সাতক্ষীরা রেঞ্জের বন কর্মকর্তারা বলছেন, স্থানীয়দের ভয়ের কারণে অনেক সময় প্রকৃত তথ্য পাওয়া কঠিন হয়ে পড়ে। ডাকাত দমনে তথ্যভিত্তিক অভিযান প্রয়োজন হলেও জনবল ও লজিস্টিক সংকট বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
তারা জানান, ২০১৮ সালের আত্মসমর্পণ প্রক্রিয়ার পর যে নজরদারি ব্যবস্থা ছিল, তা এখন আর আগের মতো কার্যকর নেই। বনাঞ্চলের জটিল ভৌগোলিক পরিস্থিতিও অভিযানকে কঠিন করে তুলছে।
এদিকে স্থানীয় বনজীবী ও সচেতন মহল সুন্দরবনে নিরাপত্তা জোরদার, নিয়মিত যৌথ অভিযান এবং ডাকাত দমন কার্যক্রম আরও শক্তিশালী করার দাবি জানিয়েছেন।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com