
নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা : ভারত সীমান্ত দিয়ে অবৈধভাবে ‘পুশইন’ বন্ধ, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার দাবিতে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে বিক্ষোভ সমাবেশ করেছে ১১ দলীয় জোট।
গত শুক্রবার বিকেলে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতা-কর্মী ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
১১ দলীয় জোটের প্রধান ও জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য মুহা. ইজ্জতুল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মুহা. ইজ্জতুল্লাহ বলেন, ‘বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। সীমান্তে কোনো ধরনের অন্যায়, অবৈধ অনুপ্রবেশ কিংবা দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ড জনগণ মেনে নেবে না। ভারতের সব ধরনের অপতৎপরতা প্রতিরোধে দেশের মানুষ ঐক্যবদ্ধ।’ তিনি সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি কূটনৈতিকভাবে এ সমস্যার স্থায়ী সমাধানের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল তাঁর বক্তব্যে বলেন, ‘সীমান্ত এলাকায় বারবার পুশইন ও অনুপ্রবেশের অভিযোগ উঠছে, যা অত্যন্ত উদ্বেগজনক। দেশের নিরাপত্তা ও জনগণের স্বার্থে সীমান্ত ব্যবস্থাপনায় আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।’
সমাবেশে আরও বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি মো. ওমর ফারুক, সাতক্ষীরা পৌর আমির জাহিদুল ইসলাম বকুল এবং এনসিপির জেলা যুগ্ম সম্পাদকসহ জোটের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
সমাবেশ থেকে ভারত সীমান্ত দিয়ে কথিত ‘পুশইন’ ও অবৈধ অনুপ্রবেশ অবিলম্বে বন্ধ করা, সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো এবং সীমান্তবাসীর জানমালের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়। সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা সীমান্ত সুরক্ষার দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com