সারাদেশে শীঘ্রই শুরু হচ্ছে খাল খনন কর্মসূচি: পানিসম্পদ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১৪ ঘন্টা আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : দেশের জলাবদ্ধতা দূরীকরণের জন্য খুব শীঘ্রই সারাদেশে খাল খনন কর্মসূচি শুরু হবে। এ বিষয়ে তথ্য দিয়েছেন পানিসম্পদ মন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি জানান, লক্ষ্মীপুরের জলাবদ্ধতা দূরীকরণের জন্য বিশেষভাবে ভুলুয়া নদী ও রহমতখালী খাল পুনঃখননের প্রকল্প হাতে নেওয়া হবে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে লক্ষ্মীপুর সার্কিট হাউসে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

মন্ত্রী এ্যানি বলেন, “লক্ষ্মীপুরের দীর্ঘদিনের সবচেয়ে বড় সমস্যা হলো জলাবদ্ধতা। এটি সমাধানের জন্য আমরা বৃহত্তর নোয়াখালীর মধ্যে ভুলুয়া নদী খনন এবং রহমতখালী খাল পুনঃখননকে অগ্রাধিকার দিচ্ছি। প্রকল্পটি হাতে নিলে লক্ষ্মীপুরের মানুষের দীর্ঘদিনের কষ্ট কমবে। তবে এই কাজ দ্রুত সম্পন্ন করতে হলে বিশেষ পরিকল্পনা প্রয়োজন। আমরা সেই অনুযায়ী প্রকল্প গ্রহণের প্রস্তুতি নিচ্ছি।”

তিনি আরও জানান, দেশের ১৮০ দিনের খাল খনন প্রকল্পের সর্বোচ্চ সম্ভাব্য কার্যক্রম করা হবে। লক্ষ্মীপুরও এই কর্মসূচির মধ্যে অন্তর্ভুক্ত থাকবে।

নদী ভাঙন প্রতিরোধের বিষয়ে মন্ত্রী বলেন, “লক্ষ্মীপুরের বিভিন্ন স্থানে নদী ভাঙনের সমস্যা আছে, বিশেষ করে মেঘনা নদী ও রহমতখালী খালে। আমরা ফিজিবিলিটি স্টাডির মাধ্যমে প্রতিটি জায়গার সমস্যা সমাধানে কাজ করছি।”

লক্ষ্মীপুরের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও রেল লাইনসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পকে ধারাবাহিকভাবে বাস্তবায়নের বিষয়ে তিনি বলেন, “লক্ষ্মীপুর দীর্ঘদিন ধরে অবহেলিত ও বঞ্চিত এলাকা। আমরা চাই, সাধারণ মানুষের সুযোগ সুবিধা ও উন্নয়ন যেন ধারাবাহিকভাবে এগিয়ে যায়। এটি দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ।”

মন্ত্রী এ্যানি এ কথাও উল্লেখ করেন, “আমাদের নেতাকর্মীদের ত্যাগের বিনিময়ে আমরা আজ এই সুন্দর পরিবেশে কাজ করছি। যারা শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা নতুনভাবে লক্ষ্মীপুরকে সাজানোর পরিকল্পনা করছি।”

আইনশৃঙ্খলা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বিষয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে কেবিনেট মিটিং করেছেন এবং রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য নির্দেশ দিয়েছেন। এছাড়া চিকিৎসা সুবিধা, বিশেষ করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে মৌলিক চিকিৎসা অধিকার নিশ্চিত করতে বিশেষ নজর রাখা হচ্ছে।

শহরে চাঁদাবাজির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ্যানি বলেন, “সারাদেশে চাঁদাবাজির কোনো সুযোগ নেই। লক্ষ্মীপুরেও নেই।”

এদিন মন্ত্রী এ্যানির প্রথম সফরে জেলা প্রশাসন তাকে গার্ড অব অনার প্রদান করে। এছাড়া জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান, জেলা পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী এবং লক্ষ্মীপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান হাছানুজ্জামান চৌধুরী মিন্টু তাকে ফুলেল শুভেচ্ছা জানান।