সাভারে বৈষম্যবিরোধী হত্যাকাণ্ডের মামলার পলাতক আসামি গ্রেপ্তার  

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৭ মাস আগে

ঢাকা-আরিচা মহাসড়কের পাকিজা এলাকায় ২৪-এর হত্যাকাণ্ডের আসামি ধরা  

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :  বৈষম্যবিরোধী আন্দোলন ২৪-এর ১৮ জুলাই সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাকিজা এলাকায় হত্যার শিকার হন শাইখ আসহাবুল ইয়ামিন। এ হত্যা মামলার পলাতক আসামি নিষিদ্ধঘোষিত যুবলীগ নেতা আহম্মেদ ফয়সাল নাইম তূর্য (৩০) কে গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করেছে। শনিবার দুপুরে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. সাইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃত তূর্যকে রাজধানীর শেরেবাংলানগর থানাধীন আগারগাঁও পানির ট্যাংকির মোড় এলাকা থেকে শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয়। তূর্য, নিষিদ্ধ সংগঠন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মৃত আবু আহম্মেদ নাসীম পাভেলের ছেলে, সাভার থানা যুবলীগের সভাপতি প্রার্থী হিসেবে দলীয় কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। ডিবি পুলিশ জানায়, সে জুলাই অভ্যুত্থানে শহীদ ইয়ামিন হত্যার মামলার আসামি ছিল এবং দীর্ঘদিন পলাতক অবস্থায় ফেসবুকের মাধ্যমে সরকারবিরোধী কর্মকাণ্ড পরিচালনা করছিল। ঢাকা জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান এর নির্দেশনায় বিশেষ অভিযান চালিয়ে তূর্যকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলাম বলেন, “তথ্য-প্রযুক্তি ব্যবহার করে গোপন সংবাদের ভিত্তিতে নিষিদ্ধ সংগঠন যুবলীগের সক্রিয় সদস্য আহম্মেদ ফয়সাল নাইম তূর্যকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ৬টি বৈষম্যবিরোধী হত্যা মামলা এবং ১টি সন্ত্রাসবিরোধী আইনের মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।”