

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার সদর ও কলারোয়া উপজেলার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি পণ্য ও নিষিদ্ধ মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৮ অক্টোবর) ভোর থেকে দুপুর পর্যন্ত একাধিক স্থানে পরিচালিত এই অভিযানে ভারতীয় মদ, ফেনসিডিল, শাড়ি, ওষুধ এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধীন পদ্মশাখরা, ঝাউডাঙ্গা, ঘোনা, মাদরা, হিলজদী ও বাঁকাল চেকপোস্ট এলাকার সীমান্তে এসব অভিযান পরিচালনা করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পদ্মশাখরা বিওপির একটি দল সদর উপজেলার হাড়দ্দা ইছামতি নদীর পাড় ও আমবাগান এলাকায় অভিযান চালিয়ে ১৩৫ বোতল ভারতীয় ফেনসিডিল, কিছু ভারতীয় শাড়ি জব্দ করে।
অন্যদিকে, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের সদস্যরা সদর উপজেলার ঝাউডাঙ্গা পাকা রাস্তা ও রামেরডাঙ্গা এলাকা থেকে একটি মোটরসাইকেল, ভারতীয় মদ ও ওষুধ উদ্ধার করে। মাদরা, হিলজদী, বাঁকাল ও ঘোনা বিওপির পৃথক অভিযানে কলারোয়ার রাজপুর, শিশুতলা ও সদর উপজেলার দাঁতভাঙ্গা ও ঢালিপাড়া এলাকা থেকে আরও ভারতীয় শাড়ি ও ওষুধ জব্দ করা হয়।
বিজিবি জানিয়েছে, জব্দকৃত এসব মালামালের বাজারমূল্য প্রায় ১০ লাখ ১৫ হাজার টাকা।
এ বিষয়ে ৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক প্রথম আলোকে বলেন, ‘জব্দ করা ভারতীয় পণ্য কাস্টমসে হস্তান্তর করা হয়েছে। আর মাদকদ্রব্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরি করে জনসম্মুখে ধ্বংসের জন্য সংরক্ষণে রাখা হয়েছে।’
তিনি আরও জানান, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com