
সিরাজুল ইসলাম সাতক্ষীরা: সাতক্ষীরার তালা উপজেলায় মাদকাসক্ত ছেলের নির্যাতন ও প্রাণনাশের হুমকি থেকে রক্ষা পেতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেছেন এক হতভাগ্য মা।
আবেদনে তিনি দাবি করেছেন, মাদক ও অনলাইন জুয়ার নেশায় আসক্ত হয়ে পড়া ছেলে দীর্ঘদিন ধরে তাঁর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছে। এমনকি নেশার টাকার জন্য ঘরের মূল্যবান জিনিসপত্র বিক্রি করে দেওয়ারও অভিযোগ করেছেন তিনি।
ইউএনও বরাবর দেওয়া ওই আবেদনে উপজেলার খলিশখালী ইউনিয়নের মঙ্গলান্দকাটি গ্রামের বাসিন্দা রেবেকা বেগম উল্লেখ করেন, তাঁর স্বামী জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে দেশের বাইরে অবস্থান করছেন। সংসারে একমাত্র ছেলে হৃদয় কাগুচী (১৮) ও এক মেয়েকে নিয়ে তিনি বসবাস করেন। কিন্তু ছেলে অনলাইন জুয়া ও বিভিন্ন মাদকে আসক্ত হয়ে পড়ায় পরিবারের স্বাভাবিক জীবনযাত্রা ভেঙে পড়েছে।
আবেদনে বলা হয়, নেশার টাকার জন্য ছেলে প্রায়ই মায়ের কাছে টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে অশ্লীল ভাষায় গালিগালাজ, মারধর এবং প্রাণনাশের হুমকি দেয়। প্রতিবেশীদের বাধা উপেক্ষা করে সে বাড়ির টিন, টেলিভিশন, গাছ, ধান-চাল, একটি সাইকেলসহ বিভিন্ন জিনিসপত্র বিক্রি করে দিয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।
রেবেকা বেগম আরও অভিযোগ করেন, বাধা দিতে গেলে একাধিকবার তাঁকে মারধর করা হয়েছে। এতে তাঁর নাকফুল ও হাতের আঙুল পর্যন্ত ভেঙে যায়। সর্বশেষ, টাকা না দিলে রাতে ঘুমের মধ্যে জবাই করে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলেও আবেদনে উল্লেখ করেছেন তিনি।
এ ঘটনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধিদের দ্বারস্থ হয়েও কোনো কার্যকর প্রতিকার পাননি বলে দাবি করেন ওই মা। ফলে তিনি চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন। অনেক সময় প্রাণভয়ে মেয়েকে নিয়ে বাবার বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com