

সাতক্ষীরার কালিগঞ্জে গাঁজা ও বিভিন্ন দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের সদস্য দুই ভাইকে আটক করেছে সেনাবাহিনী।
শুক্রবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের বাজাগ্রাম এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কুশলিয়া ইউনিয়নের বাজার গ্রামের মো. সালাউদ্দীন গাজীর ছেলে মাসুম বিল্লাহ (২৮) ও মামুন ইসলাম (২৫)।
পাউখালী সেনাক্যাম্প সূত্রে জানা গেছে, মাসুম বিল্লাহ ও তার ভাই মামুন ইসলাম দীর্ঘদিন যাবত এলাকায় কিশোর গ্যাং এর নেতৃত্ব দিয়ে আসছিল। কিশোর গ্যাংটি এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসাসহ অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছে যা এলাকাবাসীর ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়।এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে কালিগঞ্জ সেনা ক্যাম্পের একটি আভিযানিক দল শুক্রবার রাতে অভিযান চালিয়ে মাসুম বিল্লাহ ও মামুন ইসলামকে তাদের বাড়ি থেকে আটক করে। এ সময় বাড়িতে তল্লাশী চালিয়ে ১০০ গ্রাম গাঁজা, ১টি এয়ারগান, একটি কুড়াল, ২টি রামদা, ৩টি দা ও ১টি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামতসহ আটককৃতদের কালিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com