
সিরাজুল ইসলাম, সাতক্ষীরা : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নে অবৈধভাবে পাচারের সময় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসির) ৫৭ বস্তা সার জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে ইউনিয়নের জয়াখালী চেয়ারম্যান বাড়ি মোড় এলাকা থেকে স্থানীয় বাসিন্দারা এই সার জব্দ করেন।
কৈখালী ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিমের নেতৃত্বে সারগুলো আটক করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, বিএডিসির সার নিয়ম অনুযায়ী নিবন্ধিত ডিলারদের মাধ্যমে কৃষকদের কাছে বিক্রি হওয়ার কথা থাকলেও, কৈখালী ইউনিয়নের বৌশখালী গ্রামের আমিনুর রহমান অন্য একজনের লাইসেন্স ব্যবহার করে সার উত্তোলন করে তা অন্যত্র পাচার করছিলেন।
ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিম জানান, অভিযুক্ত আমিনুর রহমানের নিজস্ব কোনো ডিলার লাইসেন্স নেই। তিনি সাতক্ষীরার রোজিনা খাতুনের ‘শাপলা এন্টারপ্রাইজ’ নামের লাইসেন্স ব্যবহার করে সার উত্তোলন করেন। সেই সার স্থানীয় কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে না দিয়ে বেশি দামে অন্য ইউনিয়নে পাচার করার সময় তা জব্দ করা হয়। তিনি আরও অভিযোগ করেন, এই অনিয়মের বিষয়ে এর আগেও একাধিকবার অভিযোগ করা হলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি।
জয়াখালী গ্রামের কৃষক হাফিজুর রহমান অভিযোগ করে বলেন, ডিলারের কাছে সার কিনতে গেলে সারের সঙ্গে বাধ্যতামূলকভাবে কীটনাশক বা বিষ কেনার শর্ত দেওয়া হয়। এ কারণে বাধ্য হয়ে কৃষকদের বেশি দামে বাইরে থেকে সার কিনতে হচ্ছে।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে আমিনুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
শ্যামনগর উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা দেবাশীষ দাস জানান, সার জব্দের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।
শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুজ্জাহান কনক বলেন, বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই কৃষি কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com