সাতক্ষীরার আম বাজারে আসছে ৫ মে থেকে

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ মাস আগে

নির্ধারিত সময়ের আগে আম সংগ্রহে কঠোর নজরদারি, রপ্তানির লক্ষ্য ১০০ টন

সিরাজুল ইসলাম, সাতক্ষীরা : সাতক্ষীরার জনপ্রিয় আম এবার নির্ধারিত সময়সূচি মেনেই বাজারে আসছে। অপরিপক্ব আম সংগ্রহ ও বাজারজাত ঠেকাতে জেলা প্রশাসন আম সংগ্রহের ক্যালেন্ডার ঘোষণা করেছে। নির্ধারিত সময়ের আগে কোনো জাতের আম পাড়া বা বিক্রি করা যাবে না বলে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

রবিবার (২৬ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে “নিরাপদ আম বাজারজাতকরণ” শীর্ষক মতবিনিময় সভায় এই সময়সূচি ঘোষণা করা হয়।

জেলা প্রশাসক আফরোজা আখতার বলেন, নির্ধারিত সময়ের আগে আম সংগ্রহ বা বাজারজাত করলে কোনো ছাড় দেওয়া হবে না। এ বিষয়ে প্রশাসন, কৃষি বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে নজরদারি করবে।

কখন কোন আম বাজারে আসবে

ক্যালেন্ডার অনুযায়ী—

৫ মে থেকে গোপালভোগ, গোবিন্দভোগ, বোম্বাই ও গোলাপখাসসহ স্থানীয় জাতের আম বাজারে আসবে

১৫ মে থেকে হিমসাগর

২৭ মে থেকে ল্যাংড়া

৫ জুন থেকে আম্রপালি সংগ্রহ করা যাবে

রপ্তানির লক্ষ্য ১০০ টন

সভায় জানানো হয়, চলতি মৌসুমে সাতক্ষীরার আম ইউরোপসহ বিভিন্ন দেশে রপ্তানি করা হবে। এবছর ১০০ টন আম রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এ জন্য মাঠপর্যায়ে ভ্রাম্যমাণ আদালত, চেকপোস্ট ও বিশেষ তদারকি দল কাজ করবে। একই সঙ্গে চাষি ও ব্যবসায়ীদের সচেতন করতে প্রচার কার্যক্রম চালানো হবে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সাইফুল ইসলাম বলেন, এ বছর জেলায় প্রায় ৪ হাজার ১৪০ হেক্টর জমিতে ১২ হাজার ৩০০ চাষি আম উৎপাদনে যুক্ত আছেন। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭০ হাজার মেট্রিক টন।

তিনি আরও বলেন, সাতক্ষীরার মাটি ও আবহাওয়ার কারণে এখানকার আম আগেভাগে পাকে এবং স্বাদে-ঘ্রাণে অনন্য।

জেলা প্রশাসন জানিয়েছে, নির্ধারিত সময়ের আগে আম পাড়া ঠেকাতে নিয়মিত অভিযান চালানো হবে। পাশাপাশি হাটবাজার ও বাগান এলাকায় বিশেষ নজরদারি থাকবে।

সভায় জেলা প্রশাসন, কৃষি বিভাগ ও আমচাষিদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।