
সুন্দরবন থেকে ইয়াবাসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার
সাতক্ষীরার সুন্দরবন এলাকা থেকে সেনাবাহিনী ও সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) যৌথ অভিযানে শীর্ষ সন্ত্রাসী ও বনদস্যু আরজ খানসহ তিনজনকে গ্রেফতার করেছে। শুক্রবার (২৮ নভেম্বর) ভোর রাতে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে তাদের কাছ থেকে ১৩৫ পিস ইয়াবা, দুইটি মোটরসাইকেল এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন:
আরজ খান, শ্যামনগর উপজেলার পশ্চিম কৈখালী গ্রামের শেখ সামছুর রহমানের পুত্র
সোহরাব গাজী, মৃত মতিয়ার গাজীর পুত্র
ফরহাদ হোসেন, ফজলুর হক গাজীর পুত্র
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর হুমায়ুন কবির মোল্লা জানান, “আরজ খান ও তার সহযোগীরা সুন্দরবনে জলদস্যুতা, মাদক চোরাচালানসহ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল। তাদের গ্রেফতারের পর শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে। আমাদের এস আই গিয়াস উদ্দীন বাদী হয়ে মামলা দায়ের করেছেন।”
সেনা ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে তদন্ত চলছে এবং তাদের সম্পূর্ণ সন্ত্রাসী চক্র চিহ্নিত করার চেষ্টা চলছে।
