

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের আয়োজনে এ সভা হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভাপতি মোস্তাক আহমেদ। সভা পরিচালনা করেন বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক ও কমিটির সদস্যসচিব প্রকৌশলী উসমান সরওয়ার আলম।
সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন, সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা, পুলিশ পরিদর্শক (ট্রাফিক) শাহাবউদ্দিন মোল্লা, এলজিইডির সহকারী প্রকৌশলী মো. রবিউল ইসলাম, মোটরযান পরিদর্শক মো. ওমর ফারুক, সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি শেখ আব্দুস সোবহান, আব্দুল মোমেন খান চৌধুরী সান্টু প্রমুখ।
সভায় সাতক্ষীরা পৌর এলাকার ভেতরে ইজিবাইক ও অবৈধ যানবাহন চলাচল বন্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। পাশাপাশি যত্রতত্র পার্কিং ও যাত্রী ওঠানামা বন্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা এবং আইনভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও সুপারিশ করা হয়।
এ ছাড়া বাস টার্মিনাল থেকে মিনিবাস ছাড়ার পর নির্দিষ্ট স্থানে থামার সিদ্ধান্ত গৃহীত হয়। সাতক্ষীরা–মুন্সীগঞ্জ রুটে সঙ্গীতা মোড়, সাতক্ষীরা–আশাশুনি রুটে দিঘীরপাড়, সাতক্ষীরা–খুলনা রুটে নারিকেলতলা মোড় এবং সাতক্ষীরা–যশোর রুটে কদমতলা বাজারে মিনিবাস থামবে বলে সভায় জানানো হয়।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com