
নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা : বর্ণিল আয়োজন, লোকজ ঐতিহ্য আর মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সাতক্ষীরায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩। পহেলা বৈশাখ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচিতে মুখর হয়ে ওঠে পুরো শহর।
মঙ্গলবার ভোর থেকেই শহরের বিভিন্ন স্থানে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। সকাল ৭টায় জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন কালেক্টরেট পার্কে জাতীয় সংগীত পরিবেশন ও ‘এসো হে বৈশাখ’ গানের মধ্য দিয়ে বর্ষবরণের আনুষ্ঠানিক সূচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আফরোজা আখতার।
এরপর সকাল সোয়া ৭টার দিকে কালেক্টরেট পার্ক থেকে বের হয় একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। কারও গায়ে লাল-সাদা শাড়ি, কেউবা পাঞ্জাবি-ফতুয়া পরে ঐতিহ্যবাহী সাজে অংশ নেন। রঙিন মুখোশ, পুতুল, ব্যানার ও প্ল্যাকার্ডে সাজানো শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা শেষে পার্ক প্রাঙ্গণে সাত দিনব্যাপী বৈশাখী উদ্যোক্তা মেলার উদ্বোধন করা হয়। মেলায় প্রায় ৫০টি স্টলে স্থানীয় উদ্যোক্তারা হস্তশিল্প, পোশাক, অলংকার, মাটির তৈরি সামগ্রী ও ঐতিহ্যবাহী খাবার প্রদর্শন ও বিক্রি করছেন।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার আরেফিন জুয়েল, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল এবং বিসিকের উপব্যবস্থাপক গৌরব দাসসহ বিভিন্ন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পর দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় শিল্পীরা গান, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এ ছাড়া বিকেলে সাতক্ষীরা স্টেডিয়ামে ঘুড়ি উৎসব ও লাঠিখেলার আয়োজন করা হয়। এতে শিশু-কিশোরসহ সব বয়সী মানুষের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
নববর্ষ উপলক্ষে শিশু একাডেমি ও জেলা শিল্পকলা একাডেমিতে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানও নিজ নিজ ব্যবস্থাপনায় দিনটি উদযাপন করেছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই আয়োজনের মাধ্যমে স্থানীয় সংস্কৃতি, ঐতিহ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়াই তাদের লক্ষ্য। এ ছাড়া হাসপাতাল, কারাগার ও এতিমখানায় বিশেষ খাবার পরিবেশনের ব্যবস্থাও করা হয়েছে।
দিনভর নানা আয়োজনে মুখর থাকা সাতক্ষীরার মানুষ নতুন বছরকে বরণ করে নেয় উৎসবের আনন্দ ও ঐতিহ্যের আবহে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com