সাতক্ষীরায় প্রাণসায়র খালের পানি প্রবাহ রক্ষায় সতর্কতা

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ মাস আগে

ময়লা ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার আহ্বান জেলা প্রশাসকের

সাতক্ষীরা প্রতিনিধি : ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে সাতক্ষীরা শহরের প্রাণসায়র খালের পানি প্রবাহ ঠিক রাখতে ময়লা-আবর্জনা না ফেলার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার।

শনিবার সকালে শহরের সুলতানপুর বড় বাজার এলাকায় জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে এবং জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সহযোগিতায় এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।

এ সময় জেলা প্রশাসক বাজার এলাকায় বর্জ্য অপসারণ, প্রাণসায়র খালের পানি প্রবাহ রক্ষা, মাছ বাজারসংলগ্ন ব্রিজ, পাকাপোল ব্রিজ, রাধানগর সড়ক, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সড়ক ও থানা মসজিদ সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয় সরেজমিনে পরিদর্শন করেন।

জেলা প্রশাসক বলেন, “প্রধানমন্ত্রীর কর্মসূচির অংশ হিসেবে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে। প্রাণসায়র খালকে ময়লার ভাগাড় হতে দেওয়া হবে না। খালের পানি প্রবাহ ঠিক রাখতে কোনো ধরনের বর্জ্য ফেলা বা অবৈধ স্থাপনা সহ্য করা হবে না।” তিনি আরও বলেন, পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং আগামী শনিবার আবারও পরিদর্শনে আসবেন।

এ সময় সুলতানপুর বড় বাজারের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা খালের পাড়ে প্রস্তাবিত পৌর কসাইখানা (পিলখানা) স্থাপনের বিরোধিতা করেন। তাঁদের আশঙ্কা, এতে খাল আবারও বর্জ্যে ভরে পানি প্রবাহ ব্যাহত হবে।

ব্যবসায়ীরা জানান, কসাইখানা স্থাপনের স্থান নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে এবং আদালত স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন। এ অবস্থায় সেখানে টেন্ডার দেওয়ার বিষয়টি দুঃখজনক বলে উল্লেখ করেন তাঁরা।

এ কার্যক্রমে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও পৌর প্রশাসক শেখ মঈনুল ইসলাম, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা, রেড ক্রিসেন্ট ও বিডি ক্লিনের স্বেচ্ছাসেবকেরা অংশ নেন।