
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার সদর উপজেলার ভোমরা ইউনিয়নের পদ্মশাখরা এলাকা থেকে সামিয়া আক্তার (১৯) নামের এক তরুণী নিখোঁজ হয়েছেন। নিখোঁজ হওয়ার পাঁচ দিন পেরিয়ে গেলেও এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
নিখোঁজ সামিয়া আক্তার পদ্মশাখরা গ্রামের বাসিন্দা মো. আব্দুল সালামের মেয়ে। পরিবার সূত্রে জানা গেছে, গত ১২ মার্চ দুপুর আনুমানিক ১২টার দিকে সামিয়া আক্তার পরিবারের কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি আর বাড়িতে ফেরেননি।
দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে তারা আত্মীয়স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু কোথাও তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
নিখোঁজ তরুণীর ভাই মো. আয়ানিরুল ইসলাম বলেন, ‘আমরা সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েছি। কিন্তু এখনো কোনো সন্ধান পাইনি। পরে বাধ্য হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।’
তিনি আরও বলেন, ‘আমার বোন কোথায় আছে বা কী অবস্থায় আছে আমরা কিছুই জানি না। আমরা প্রশাসনের কাছে অনুরোধ করছি, দ্রুত তাকে খুঁজে বের করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।’
এদিকে মেয়েটির কোনো খোঁজ না পাওয়ায় পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। পরিবারের পক্ষ থেকে কেউ সামিয়ার সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
সাতক্ষীরা সদর থানার একটি সূত্র জানায়, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং নিখোঁজ তরুণীর সন্ধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
