
নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা | সাতক্ষীরা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতিকে একটি হত্যা মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার (১৩ জুলাই) সাতক্ষীরার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিলাস মণ্ডলের আদালত মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৬ ফেব্রুয়ারি যশোরের পিকনিক কর্নারের সামনে শহিদুল ইসলাম নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। শহিদুল ইসলাম জামায়াতে ইসলামীর কর্মী ছিলেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
মামলার বাদী ও শহিদুলের ভাই মো. ইমদাদুল হক গত বছরের ২৮ আগস্ট সাতক্ষীরার আদালতে তৎকালীন পুলিশ সুপারসহ ৩২ জনের বিরুদ্ধে মামলাটি করেছিলেন। আদালতের নির্দেশে মামলাটি সাতক্ষীরা সদর থানায় নথিভুক্ত হয়। এজাহারে অভিযোগ করা হয়েছে, ঘটনার সময় প্রকৃত ঘটনা ধামাচাপা দেওয়া হয়েছিল এবং তৎকালীন পুলিশ হত্যা মামলা গ্রহণ করেনি।
সাবেক এই এমপির আইনজীবী প্যানেলের সদস্য অ্যাডভোকেট আল মাহামুদ পলাশ জানান, বিভিন্ন মামলায় উচ্চ আদালত ও জেলা জজ আদালত থেকে জামিন পাওয়ার পর একের পর এক নতুন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হচ্ছে। তিনি জানান, গত বছরের ২০ মে গ্রেপ্তারের পর থেকে লায়লা পারভীন সেঁজুতিকে বিশেষ ক্ষমতা আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় দায়ের করা একাধিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
প্রসঙ্গত, গ্রেপ্তারের পর থেকেই সাবেক এই সংসদ সদস্যকে পর্যায়ক্রমে বিভিন্ন মামলায় শোন অ্যারেস্ট বা নতুন করে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে রাখা হয়েছে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com