সাতক্ষীরায় কারিগরি দক্ষতা মেলা: তরুণদের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরির আহ্বান

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ মাস আগে

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা : সাতক্ষীরায় তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে ‘কারিগরি দক্ষতা মেলা’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলা অডিটোরিয়ামে দিনব্যাপী এ মেলার আয়োজন করে বেসরকারি সংস্থা সিডো, এ্যাকশনএইড বাংলাদেশের অর্থায়নে ‘এ্যাকশন ফর ট্রান্সফরমেশন’ প্রকল্পের আওতায়।

মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সঞ্জিত কুমার দাস। তিনি বলেন, কারিগরি দক্ষতা অর্জনের মাধ্যমে তরুণরা আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারে। বর্তমান শ্রমবাজারে টিকে থাকতে হলে দক্ষতার বিকল্প নেই।

সিডো’র নির্বাহী প্রধান শ্যামল কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) সাতক্ষীরার অধ্যক্ষ অপু হালদার, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাহিনুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, অর্জন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মওয়া মঞ্জুরী এবং উন্নয়ন কর্মী মৃনাল কুমার সরকার।

মেলায় বক্তারা বলেন, দেশের তরুণদের বড় একটি অংশ এখনো দক্ষতার অভাবে বেকার রয়েছে। তাই চাহিদাভিত্তিক প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে। সরকারি-বেসরকারি উদ্যোগ একসঙ্গে কাজ করলে বেকারত্ব কমানো সম্ভব।

আয়োজকেরা জানান, এই মেলার মূল উদ্দেশ্য হলো আগ্রহী যুবকদের চিহ্নিত করা এবং তাদের চাহিদাভিত্তিক কারিগরি প্রশিক্ষণে যুক্ত করা। পাশাপাশি আধুনিক প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের মাধ্যমে তরুণদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলাই এ উদ্যোগের লক্ষ্য।

মেলায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা তরুণ-তরুণীরা অংশ নেন। তারা বিভিন্ন স্টলে প্রশিক্ষণ সুযোগ, কারিগরি কোর্স এবং কর্মসংস্থান সম্পর্কিত তথ্য সংগ্রহ করেন।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ নিয়মিতভাবে চলমান থাকলে সাতক্ষীরার তরুণরা দক্ষ জনশক্তিতে পরিণত হবে এবং স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।