
সিরাজুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলায় এবছর কাঁঠালের বাম্পার ফলন হয়েছে। রমজানের শুরুতেই বাজারে কাঁঠাল উঠতে শুরু করায় চাষিদের মুখে হাসি ফুটেছে। সবজি হিসেবে কাঁচা কাঁঠালের চাহিদা যেমন রয়েছে, তেমনি পাকা কাঁঠালও জেলার চাহিদা মিটিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে সাতক্ষীরার ৭টি উপজেলায় মোট ৮৭৮ হেক্টর জমিতে কাঁঠাল চাষ হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৩৯৬ হেক্টর, তালায় ৩২৭ হেক্টর, কালিগঞ্জে ৩২০ হেক্টর, কলারোয়ায় ৮৫ হেক্টর, দেবহাটায় ২৫ হেক্টর, শ্যামনগরে ২০ হেক্টর এবং আশাশুনিতে ৫ হেক্টর জমিতে কাঁঠাল চাষ করা হয়েছে।
চলতি বছরে জেলায় মোট ১১ হাজার ৫৭৩ মেট্রিক টন কাঁঠাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, অনুকূল আবহাওয়ার কারণে এবার গাছে ব্যাপক ফলন এসেছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, কাঁঠাল চাষে উৎপাদন খরচ তুলনামূলকভাবে কম হওয়ায় চাষিরা লাভবান হচ্ছেন। অনেক এলাকায় কাঁচা কাঁঠাল সবজি হিসেবে বিক্রি হচ্ছে, আবার পাকা কাঁঠাল বাজারে ভালো দামে বিক্রি হচ্ছে।
চাষিরা জানান, কাঁঠালের বিশেষ বৈশিষ্ট্য হলো—এর প্রতিটি অংশই ব্যবহারযোগ্য। কাঁঠালের বিচি, মোচা, খোসা এমনকি পাতা গবাদিপশুর খাদ্য হিসেবে ব্যবহার হয়। ফলে এটি একটি বহুমুখী উপকারী ফল।
এদিকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যশোর, খুলনা, মাগুরা, নড়াইল, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া ও বাগেরহাটসহ ১০ জেলাতেও কাঁঠালের বাম্পার ফলন হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। এসব জেলায় মোট ৯ হাজার ৮৭৮ হেক্টর জমিতে প্রায় ১২ হাজার ৯৭৩ মেট্রিক টন কাঁঠাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
কৃষি কর্মকর্তারা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকায় গাছে ফলন ভালো হয়েছে। তবে মৌসুমের শুরুতে পর্যাপ্ত বৃষ্টির অভাবে কিছু কাঁঠালের আকার তুলনামূলক ছোট হয়েছে। এরপরও বাজারে সরবরাহ ভালো থাকায় দামও সন্তোষজনক রয়েছে।
কৃষিবিদরা মনে করেন, পরিকল্পিত বাগান ও উন্নত ব্যবস্থাপনা গ্রহণ করা গেলে কাঁঠাল চাষ আরও লাভজনক হতে পারে। কাঁঠাল গাছে বিশেষ যত্নের প্রয়োজন না থাকায় এটি স্বল্প খরচের একটি লাভজনক ফসল হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com