
নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা : সাতক্ষীরার স্থানীয় বাজারে সপ্তাহের ব্যবধানে সবজির দাম অস্বাভাবিক হারে বেড়েছে। প্রায় প্রতিটি সবজির দাম দ্বিগুণ হওয়ায় চরম বিপাকে পড়েছেন নিম্ন ও সীমিত আয়ের মানুষ। বাজারে সবজির পর্যাপ্ত সরবরাহ থাকার পরও এমন অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে ক্ষুব্ধ ক্রেতারা। অন্যদিকে, খুচরা বাজারে চড়া দাম থাকলেও উৎপাদনকারী কৃষকেরা পণ্যের কাঙ্ক্ষিত মূল্য পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে।
সাতক্ষীরার শহরতলীর কদমতলা ও সুলতানপুর বাজার ঘুরে দেখা গেছে, গত এক সপ্তাহের ব্যবধানে সবজির বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। বর্তমানে প্রতি কেজি করল্লা ও উচ্ছে ১০০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ছিল ৬০ টাকা। একইভাবে আগের সপ্তাহে ৮০ টাকা কেজি দরে বিক্রি হওয়া টমেটো এখন বিক্রি হচ্ছে ১২০ টাকায়।
মূল্যবৃদ্ধির তালিকায় পিছিয়ে নেই অন্যান্য সবজিও। বাজারে প্রতি কেজি পটল ৮০ টাকা, বেগুন ৬০ টাকা, গাজর ৮০ টাকা এবং ঢেঁড়শ ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহে এসব সবজির দাম ছিল যথাক্রমে ৬০, ৪০, ৫০ ও ৩০ টাকা। কাঁচা মরিচের দামও ৬০ টাকা থেকে বেড়ে এখন ১০০ টাকা কেজি দরে ঠেকেছে। এ ছাড়া গোল আলু ২৫ টাকা কেজি এবং প্রতিটি লাউ ৩০ টাকায় বিক্রি করতে দেখা গেছে।
পাইকারি আড়তগুলোতেও একই চিত্র। সেখানেও সবজির দাম আকাশচুম্বী। আড়তদারেরা বলছেন, বাজারে পণ্য কম আসার অজুহাতে দাম বাড়ানো হয়েছে, তবে কৃষকদের দাবি ভিন্ন।
বাজারে আসা সবজি চাষিরা জানান, উৎপাদন খরচ বাড়লেও তাঁরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। মধ্যস্বত্বভোগী আড়তদার ও খুচরা ব্যবসায়ীরা চাষিদের কাছ থেকে কম দামে সবজি কিনে বাজারে দ্বিগুণ বা তার চেয়ে বেশি দামে বিক্রি করছেন।
চাষিরা আরও জানান, চলতি মৌসুমে অতিরিক্ত বর্ষায় ঘের এলাকার বেড়িবাঁধের সবজি চাষের ব্যাপক ক্ষতি হয়েছে। তার ওপর সার, কীটনাশক ও কৃষি শ্রমিকের মজুরি বাড়ায় উৎপাদন খরচ কয়েক গুণ বেড়েছে। বাজারে কৃষকেরা ফসলের ন্যায্যমূল্য না পেলে চলতি মৌসুমে বড় ধরনের লোকসানের মুখে পড়ার আশঙ্কা করছেন তাঁরা।
বাজার নিয়ন্ত্রণে নিয়মিত তদারকি ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী ক্রেতা ও প্রান্তিক কৃষকেরা।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com