

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) জেনারেল সেক্রেটারি (জিএস) মাজহারুল ইসলাম বলেছেন, ‘‘একসময় আমাদের দেশকে তলাবিহীন ঝুড়ি বলা হতো। অথচ আমাদের রয়েছে বিপুল পরিমাণ সম্পদ। এই সম্পদগুলো যথাযথভাবে কাজে লাগাতে পারলে দেশকে উন্নত বিশ্বে পরিণত করা সম্ভব।’’
সোমবার (২০ অক্টোবর) লক্ষ্মীপুরের কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে ‘ক্যারিয়ার গাইডলাইন ও নবীনবরণ’ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মাজহারুল ইসলাম বলেন, ‘‘বহিঃশত্রুর আক্রমণ, নিজেদের মধ্যে দুর্নীতি এবং নৈতিক অবক্ষয়ের কারণে আমরা এখনো উন্নত দেশের কাতারে পৌঁছাতে পারিনি। এসব প্রতিবন্ধকতা দূর করে এগিয়ে যেতে হবে আমাদের।’’
তিনি আরও বলেন, ‘‘২৪-এর জুলাই গণঅভ্যুত্থানে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। শহীদ আফনান, বিজয়, ওসমান ও সাব্বিরের রক্তে রঞ্জিত এই জনপদের সংগ্রামী মানুষেরা সত্যিকার অর্থেই বীর। দেশ নিয়ে যেভাবে আপনারা ভাবেন, সেই দৃষ্টিভঙ্গি অনেকেরই নেই। এই ভাবনা ও চেতনায় দক্ষতা অর্জন জরুরি, আর সেই জায়গায় ছাত্রশিবির সবসময় পাশে থাকবে।’’
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তর জামায়াতে ইসলামী’র সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।
চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কফিল উদ্দিন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রিয়ব্রত চৌধুরী, লক্ষ্মীপুর শহর শিবিরের সভাপতি একেএম ফরিদ উদ্দিন, এবং কলেজ শাখা শিবির সভাপতি আইয়ুব হোসেন ফাহিম।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের উদ্দেশে নানা দিকনির্দেশনামূলক বক্তব্য দেওয়া হয় এবং সফল ক্যারিয়ার গঠনের ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com