সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম নিলেন রেহানা আক্তার রানু, ফেনীতে আলোচনা তুঙ্গে

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ মাস আগে

নিজস্ব প্রতিবেদক : সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও সাবেক দুইবারের সংসদ সদস্য রেহানা আক্তার রানু। শুক্রবার (১০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

মনোনয়ন ফরম সংগ্রহের খবর ছড়িয়ে পড়তেই ফেনীর রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তৃণমূল নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে ব্যাপক আগ্রহ দেখা গেছে।

দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাঠের রাজনীতিতে সক্রিয় থাকা রেহানা আক্তার রানু আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। বিশেষ করে দলের কঠিন সময়ে রাজপথে সক্রিয় উপস্থিতি এবং বিভিন্ন কর্মসূচিতে নেতৃত্ব দেওয়ার কারণে তিনি তৃণমূলের কাছে পরিচিত মুখ হিসেবে বিবেচিত।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, সংরক্ষিত নারী আসনে মনোনয়নের ক্ষেত্রে এবার শুধু পদ-পদবি নয়, বরং দলীয় আন্দোলনে ভূমিকা, জনসম্পৃক্ততা এবং মাঠপর্যায়ের গ্রহণযোগ্যতা বড় ভূমিকা রাখতে পারে। সেই বিবেচনায় রেহানা আক্তার রানুর অবস্থান শক্ত বলেও মনে করছেন তারা।

এদিকে ফেনীর রাজনৈতিক অঙ্গনে সংরক্ষিত নারী আসনকে ঘিরে জল্পনা-কল্পনা বাড়ছে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রেহানা আক্তার রানুর নাম সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে।

তবে দলীয় সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি। শেষ পর্যন্ত মনোনয়ন কার ভাগ্যে যাচ্ছে, তা জানতে অপেক্ষা করতে হবে দলের কেন্দ্রীয় সিদ্ধান্তের জন্য।

সব মিলিয়ে সংরক্ষিত নারী আসনকে ঘিরে ফেনীতে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে, আর সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন রেহানা আক্তার রানু।