
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : স্বেচ্ছাসেবক দলের প্রয়াত সভাপতি শফিউল বারী বাবু–র সহধর্মিণী বীথিকা বিনতে হোসাইন–কে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে দেখতে চান লক্ষ্মীপুরের বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর পক্ষে প্রচারণা ও সমর্থনের জোরালো আলোচনা দেখা যাচ্ছে।
দলীয় সূত্র ও স্থানীয় নেতাকর্মীরা জানান, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বীথিকা বিনতে হোসাইন লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলায় বিএনপির বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। তিনি সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের বাসিন্দা। অন্যদিকে, তাঁর স্বামী শফিউল বারী বাবুর বাড়ি রামগতি উপজেলায়।
শফিউল বারী বাবু দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। দলীয় নেতাকর্মীদের ভাষ্য, তিনি স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন এবং রাজপথের সাহসী সংগঠক হিসেবে পরিচিত ছিলেন। ‘আমার নেত্রী আমার মা, বন্দী হতে পারে না’—এই স্লোগান দিয়ে তিনি দেশ–বিদেশে আলোচনায় আসেন। স্লোগানটির প্রবক্তা হিসেবে দলীয় অঙ্গনে তিনি পরিচিত।
দলীয় সূত্রে আরও জানা যায়, খালেদা জিয়া–র মুক্তি এবং তারেক রহমান–কে দেশে ফিরিয়ে আনার দাবিতে বিভিন্ন কর্মসূচিতে তিনি সক্রিয় ছিলেন। জীবনের বড় একটি সময় তাঁকে আত্মগোপনে থাকতে হয়েছে বা কারাভোগ করতে হয়েছে বলে দাবি করেন তাঁর সহযোদ্ধারা। পুলিশি নির্যাতন ও রিমান্ডও সহ্য করতে হয়েছে বলে তাঁরা জানান।
বীথিকা বিনতে হোসাইন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল থেকে রাজনীতিতে বেড়ে ওঠেন। তিনি ‘অর্পণ আলোক’ নামে একটি মানবিক সংগঠন প্রতিষ্ঠা করেছেন। সংগঠনটির মাধ্যমে রাজনৈতিক মামলায় ক্ষতিগ্রস্ত ও নির্যাতিত কর্মীদের আর্থিক ও মানসিক সহায়তা দেওয়া হয় বলে দাবি সংগঠন–সংশ্লিষ্টদের।
লক্ষ্মীপুর–৪ (রামগতি–কমলনগর) আসনের উপকূলীয় জনপদের উন্নয়ন ছিল শফিউল বারী বাবুর স্বপ্ন—এমনটাই জানান স্থানীয় নেতাকর্মীরা। তাঁদের মতে, সংরক্ষিত নারী আসনে বীথিকা বিনতে হোসাইন মনোনয়ন পেলে এ অঞ্চলের অবহেলিত মানুষের উন্নয়নে কাজ করার সুযোগ তৈরি হবে এবং প্রয়াত বাবুর স্বপ্ন বাস্তবায়ন সম্ভব হবে।
জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা আশা করছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় সিদ্ধান্তে এই নারী নেতৃত্বকে মূল্যায়ন করবেন।
তবে এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় নেতাদের আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।
