
নিজস্ব প্রতিবেদক, নাটোর (বড়াইগ্রাম) :নাটোরের বড়াইগ্রামে সংবাদ প্রকাশের জেরে এক সাংবাদিককে মারধর করে তার হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। রোববার সন্ধ্যায় উপজেলার জোনাইল বাজারে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
আহত সাংবাদিক জাহাঙ্গীর আলম (৩৯) দৈনিক খবরপত্র পত্রিকার বড়াইগ্রাম উপজেলা প্রতিনিধি।
লিখিত অভিযোগে জাহাঙ্গীর আলম বলেন, দীর্ঘদিন ধরে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় একটি পক্ষ তার ওপর ক্ষুব্ধ ছিল। এর আগে তাকে একাধিকবার হুমকি দেওয়া হয় বলেও তিনি অভিযোগ করেন।
তিনি জানান, রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জোনাইল বাজারে স্থানীয় কয়েকজন তাকে ডেকে নিয়ে যান। সেখানে পূর্বপরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়। এতে তার বাম হাত ভেঙে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডলি রানী বলেন, “জাহাঙ্গীর আলম নামে একজন রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাম হাত ভেঙে গেছে। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।”
আহত সাংবাদিক আরও বলেন, হামলার পর থেকে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং হামলাকারীরা হুমকি দিচ্ছে।
অন্যদিকে অভিযুক্ত আনিছ আলী মোল্লা অভিযোগ অস্বীকার করে বলেন, “তার সঙ্গে সামান্য কথাকাটাকাটি হয়েছে, মারধরের কোনো ঘটনা ঘটেনি।”
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com