
সিরাজুল ইসলাম : বাংলাদেশের ভঙ্গুর উপকূলীয় বাস্তুতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগরে ‘দশ লক্ষ বীজ রোপণ’ শীর্ষক এক মহতী অভিযান শুরু হয়েছে। স্থানীয় বিভিন্ন পরিবেশবাদী সংগঠন, স্বেচ্ছাসেবক এবং নাগরিকদের সমন্বয়ে গঠিত একটি জোট দেশীয় গাছের বীজ সংগ্রহ ও রোপণের মাধ্যমে উপকূলের পরিবেশ সুরক্ষায় এই কর্মসূচি বাস্তবায়নের ঘোষণা দিয়েছে।
গতকাল বুধবার সকালে শ্যামনগরের আকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযানের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। উপজেলা স্বেচ্ছাসেবক অ্যাসোসিয়েশন, শ্যামনগর গ্রিন কোয়ালিশন এবং বারসিক-এর যৌথ উদ্যোগে এই কর্মসূচি পরিচালিত হচ্ছে।
শ্যামনগর গ্রিন কোয়ালিশনের সভাপতি কৃষ্ণানন্দ মুখার্জীর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পানখালী এগ্রো-ইকোলজি লার্নিং সেন্টারের তত্ত্বাবধায়ক কনিকা রানী।
সংবাদ সম্মেলনে আয়োজকরা বলেন, বাংলাদেশের উপকূলীয় অঞ্চল বিশ্বের অন্যতম জলবায়ু-ঝুঁকিপূর্ণ এলাকা। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও নদীভাঙনের ফলে এই অঞ্চলের জীববৈচিত্র্য চরম হুমকির মুখে পড়েছে। তাই অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি প্রকৃতি-ভিত্তিক সমাধানই এখন উপকূল রক্ষার প্রধান উপায়। বাংলাদেশ সরকারের দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়েই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য: আয়োজকদের মতে, এটি কেবল একটি বৃক্ষরোপণ কর্মসূচি নয়, বরং এটি একটি নাগরিক-নেতৃত্বাধীন পরিবেশ আন্দোলন। এর প্রধান লক্ষ্যগুলো হলো:
উপকূলীয় জীববৈচিত্র্য পুনরুদ্ধার ও কার্বন শোষণ বৃদ্ধি।
নদী তীর ও উপকূলীয় ভূদৃশ্য রক্ষা করা।
বন্যপ্রাণীর আবাসস্থল উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি।
ইতিমধ্যে এই কর্মসূচির আওতায় চার লাখেরও বেশি বীজ সংগ্রহ করা হয়েছে। অভিযানের অংশ হিসেবে নিম, আম, কাঁঠাল, জাম্বুরা, তেঁতুল, তাল, খেজুর, বাবলা, বট ও অর্জুনসহ স্থানীয়ভাবে অভিযোজিত বিভিন্ন প্রজাতির গাছের বীজ সংগ্রহ করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে স্থানীয়দের উদ্দেশ্যে বলা হয়, ‘একটি মাত্র বীজ উপকূলের ভবিষ্যৎ বদলে দেওয়ার ক্ষমতা রাখে।’ আগ্রহীদের বীজ সংগ্রহ ও দান করার আহ্বান জানিয়ে আয়োজকরা জানান, অভিযানের সমাপনী অনুষ্ঠানে বীজ দাতাদের আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হবে।
সবশেষে এক জোরালো আহ্বানে বলা হয়, আজকের সংগৃহীত বীজই আগামী দিনের বৃক্ষ, আর এই বৃক্ষই একটি সবুজ ও জলবায়ু সহনশীল উপকূলীয় অঞ্চল গড়ে তুলবে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com