
সিরাজুল ইসলাম : সাতক্ষীরার শ্যামনগরে কৃষিজমির মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগে এক চিংড়ি ঘের মালিককে এক হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার সকালে উপজেলার ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ হোসাইন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন ভবানীপুর গ্রামের মুজিবর রহমানের ছেলে ও ঘের ব্যবসায়ী শফিকুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা যায়, নিজের কৃষিজমির মাটি কেটে ইটভাটায় সরবরাহ করার সময় বিষয়টি নজরে আসে প্রশাসনের। পরে ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ হোসাইন বলেন, কৃষিজমির মাটি ইটভাটায় ব্যবহারের সুযোগ নেই। দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় তাকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
স্থানীয় কৃষকরা জানান, এভাবে কৃষিজমির মাটি কেটে নেওয়া হলে জমির উর্বরতা নষ্ট হয় এবং ভবিষ্যতে ফসল উৎপাদনে বড় ধরনের ক্ষতি হতে পারে।
প্রশাসনের এই অভিযানকে স্বাগত জানালেও স্থানীয়রা নিয়মিত নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com