
রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ভোক্তা অধিকার সংরক্ষণের জন্য মাদারীপুরের শিবচর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিনব অভিযান পরিচালনা করা হয়েছে।
শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত চলা অভিযানে ভিন্ন কৌশল অবলম্বন করে বাজারের বিভিন্ন দোকানে অনিয়ম চিহ্নিত করা হয়েছে।
শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা নিজেই অভিযান পরিচালনার নেতৃত্ব দেন। তিনি বোরকা পরে ক্রেতার ভান ধারণ করে বাজারের মাছ, মাংস, মুদি ও ফলের দোকানগুলো পরিদর্শন করেন। এই ছদ্মবেশে তিনি বেশি দামে পণ্য বিক্রি, ওজনে কম দেওয়া এবং খাসির মাংস নিয়ে প্রতারণার মতো অনিয়ম হাতেনাতে ধরতে সক্ষম হন।
অভিযানের পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাছ, মাংস, ফল ও মুদি বিক্রেতা মিলিয়ে মোট ৭টি দোকানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় অন্যান্য ব্যবসায়ীদেরও কঠোরভাবে সতর্ক করা হয়েছে যেন ভবিষ্যতে অনিয়ম না হয়।
শাইখা সুলতানা বলেন,
“আমি প্রথমে ছদ্মবেশে বাজার মনিটরিং করেছি, পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেছি। কয়েকটি দোকানকে জরিমানা করা হয়েছে, বাকি ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। ভোক্তার স্বার্থে পরবর্তীতে আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
অভিযানকালে শিবচর থানার পুলিশের একটি দল উপস্থিত ছিল, যারা নিরাপত্তা নিশ্চিত ও অভিযান কার্যক্রমে সহায়তা প্রদান করেন।
স্থানীয়রা বলছেন, এমন অভিনব কৌশল গ্রহণে বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সহায়তা হবে এবং অসাধু ব্যবসায়ীদের পুনরায় সতর্ক করা সম্ভব হবে।
