

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, শাহবাগে জুলাই যোদ্ধারা পক্ষে বিপক্ষে মারামারি ব্যথিত করেছে। আমরা খুব ব্যথিত, আমরা আশাহত, দুর্ভাগ্য এ জাতির।
আজ শনিবার (২ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার চাঁদখালি এ রব উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে লাহারকান্দি ইউনিয়ন বিএনপির প্রতিনিধি নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, জুলাই যোদ্ধারা এটা করতে পারে? জুলাইযোদ্ধা কি শুধু শাহবাগেই ছিল? সারাদেশে জুলাইযোদ্ধা ছিলো না? আমি-আপনি-আপনারা, দেশের মানুষ সবাই কি জুলাইযোদ্ধা না? কিছুসংখ্যক জুলাই যোদ্ধা নামে যদি আমাদের বদনাম করে এবং আমাদেরকে ব্যথিত করে, আহত করে, আমরা যদি তাদের কারণে কষ্ট পাই, স্বাভাবিক কারণে ফ্যাসিস্ট সেখানে সুযোগ পাবে। সবাই মিলে আন্দোলন করলাম হাসিনার বিরুদ্ধে। লড়াই-সংগ্রাম, গুম-খুন, হেলিকপ্টার থেকে পর্যন্ত শিশু বাচ্চাটাকে হত্যা করেছে, ছাত্রকে-সাধারণ মানুষকে হত্যা করেছে। এটি দেশের মানুষ ভালোভাবে নিচ্ছে না। রাজনৈতিক দলগুলো যদি ঐক্যবদ্ধ না হয়, তাহলে আমাদের জন্য বিপদ আছে। সবাই আবার অত্যাচারিত হবেন, নির্যাতিত হবেন। আমি-আপনি অত্যাচারিত হওয়া আর সাধারণ মানুষ অত্যাচারিত হওয়া এক নয়। সংস্কার চলমান প্রক্রিয়া, হাসিনার দৃশ্যমান বিচার এখনো হয়নি।
আগামী দিনে এ দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। আমরা আশা করতে পারি আগামী দিনে জনগণের সরকারের নেতৃত্ব দেবে বিএনপি। হাসিনার বিচারকে আমরা নিশ্চিত করবো তারেক রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে।
লাহারকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়ার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম-আহ্বায়ক হাসিবুর রহমান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, লক্ষ্মীপুর জজ আদালতের সরকার কৌঁসুলি (পিপি) আহমেদ ফেরদৌস মানিক, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি হাফিজুর রহমান, সদর (পূর্ব) উপজেলা বিএনপির আহ্বায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, যুগ্ম-আহ্বায়ক শাহ মো. এমরান, সদস্য সচিব মোখলেছুর রহমান হারুন প্রমুখ।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com