শারজাহ বাংলাদেশ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি হলেন শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৯ মাস আগে

মোহাম্মদ আরমান চৌধুরী, সংযুক্ত আরব আমিরাত: সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী সংগঠন শারজাহ বাংলাদেশ সমিতিতে নেতৃত্বে পরিবর্তন এসেছে। সংগঠনের সহসভাপতি শাহাদাত হোসেন সমিতির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন।

দীর্ঘদিন ধরে তিনি সংগঠনের কার্যক্রমে সক্রিয় ছিলেন এবং প্রবাসীদের মধ্যে জনপ্রিয় মুখ হিসেবে পরিচিত। জানা যায়, সভাপতির অনুপস্থিতিতে তিনি একাধিকবার ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করে সংগঠনের কার্যক্রম সফলভাবে পরিচালনা করেছেন।

দায়িত্ব গ্রহণের পর শাহাদাত হোসেন বলেন, ‘আমি আনন্দিত ও সম্মানিত বোধ করছি। বাংলাদেশ সমিতির আবুধাবি কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি কার্যকরী কমিটি, আজীবন সদস্য ও প্রবাসী ভাই–বোনদের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করতে চাই।’

তিনি আরও বলেন, ‘সবার সহযোগিতা ও দোয়া নিয়ে আমি এই ঐতিহ্যবাহী সংগঠনকে আরও এগিয়ে নিতে বদ্ধপরিকর।’

কমিউনিটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, তাঁর নেতৃত্বে শারজাহতে প্রবাসীদের সামাজিক, সাংস্কৃতিক ও কল্যাণমূলক কার্যক্রমে নতুন গতি আসবে।