শারজায় প্রবাসীদের ফুটবল উৎসব শেষে শিরোপা জিতল চট্টগ্রাম এফসি

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ মাস আগে

আরব আমিরাত প্রতিনিধি : সংযুক্ত আরব আমিরাতের শারজায় প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে জমকালো আয়োজনে শেষ হয়েছে ‘স্বাধীনতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬’। দুই মাসব্যাপী এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দিবাগত রাতে শারজাহ ওয়ান্ডারার্স স্পোর্টস ক্লাব মাঠে।

শারজার ‘ইউজড স্পেয়ার পার্টস অ্যাসোসিয়েশন’-এর উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে মোট ১২টি দল অংশ নেয়। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ফাইনালে মুখোমুখি হয় চট্টগ্রাম এফসি ও সিলেট এফসি।

টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে ২-১ গোলে সিলেট এফসিকে হারিয়ে শিরোপা জিতে নেয় চট্টগ্রাম এফসি। চ্যাম্পিয়ন দলকে পুরস্কার হিসেবে একটি মার্সিডিজ বেঞ্জ গাড়ি প্রদান করা হয়।

খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংগঠনের সভাপতি শাহাদাত হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কামাল হোসেন সুমন ও জাহাঙ্গীর রুপুর। সভাপতিত্ব করেন আব্দুল মান্নান।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাই কনস্যুলেটের কমার্শিয়াল কাউন্সিলর আশীষ কুমার সরকার। তিনি বলেন, প্রবাসীদের এমন আয়োজন তাদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও ইতিবাচক মানসিকতা তৈরি করে। রাত গভীর হলেও দর্শকদের উচ্ছ্বাস প্রমাণ করে প্রবাসীরা কতটা সংগঠিত ও সংযুক্ত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি আবুধাবির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, দুবাই সমিতির সহ-সভাপতি ইয়াকুব সৈনিক, সিনিয়র কমিউনিটি নেতা প্রকৌশলী সালাহউদ্দীন, হাজী শরাফত আলী, ক্রীড়া সংগঠক হাবিবুর রহমানসহ প্রবাসী কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ।

প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন বলেন, বিদেশের মাটিতে খেলাধুলার এমন আয়োজন বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরে এবং প্রবাসীদের মধ্যে সম্প্রীতি বৃদ্ধি করে।

মধ্যরাত পর্যন্ত চলা এই ফাইনাল খেলায় দর্শকদের উপস্থিতিতে মাঠটি এক টুকরো বাংলাদেশে পরিণত হয়। আয়োজকরা সফলভাবে টুর্নামেন্ট সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।