শপথ নিলেন ২৫ মন্ত্রী, দপ্তর বণ্টন চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ দিন আগে

নাজমুল হোসেন : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–র নির্বাচিত প্রতিনিধিরা মঙ্গলবার সকালে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবন–এর দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠিত হয়। এবার ২৫ জন পূর্ণমন্ত্রী শপথ নিয়েছেন। শপথের আগেই নতুন মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দপ্তর বণ্টন চূড়ান্ত করা হয়।

দপ্তর বণ্টন অনুযায়ী, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব। অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে আমীর খসরু মাহমুদ চৌধুরীকে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সালাহউদ্দিন আহমদ। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় দেওয়া হয়েছে ইকবাল হাসান মাহমুদকে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন হাফিজ উদ্দিন আহমেদ। মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় দেওয়া হয়েছে আবু জাফর মো. জাহিদ হোসেনকে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন টেকনোক্র্যাট হিসেবে শপথ নেওয়া ডা. খলিলুর রহমান।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় পেয়েছেন আবদুল আউয়াল মিন্টু। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে।

ভূমি মন্ত্রণালয় পেয়েছেন মিজানুর রহমান মিনু এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় দেওয়া হয়েছে নিতাই রায় চৌধুরীকে।

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন খন্দকার আব্দুল মুক্তাদির। শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় দেওয়া হয়েছে আরিফুল হক চৌধুরীকে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন জহির উদ্দিন স্বপন। কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয় দেওয়া হয়েছে টেকনোক্র্যাট মোহাম্মদ আমিন উর রশিদকে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আফরোজা খানম। পানিসম্পদ মন্ত্রণালয় দেওয়া হয়েছে মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আসাদুল হাবিব দুলু। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় দেওয়া হয়েছে মো. আসাদুজ্জামানকে।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় পেয়েছেন জাকারিয়া তাহের। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় দেওয়া হয়েছে দীপেন দেওয়ানকে।

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আ ন ম এহসানুল হক মিলন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় দেওয়া হয়েছে সরদার মো. সাখাওয়াত হোসেনকে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ফকির মাহবুব আনাম। সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয় দেওয়া হয়েছে শেখ রবিউল আলমকে।