লালপুরে ৫৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ মাস আগে

নিজস্ব প্রতিবেদক, নাটোর (লালপুর) : নাটোরের লালপুর উপজেলায় ৫৫ পিস ইয়াবাসহ এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার (২০ এপ্রিল ২০২৬) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চংধুপইল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম রুবেল হোসেন (৩২)। তিনি উপজেলার বাঁশবাড়ীয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে বলে জানা গেছে।

র‌্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চংধুপইল এলাকায় অভিযান চালানো হয়। এ সময় রুবেলের কাছ থেকে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব জানায়, এ ঘটনায় গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে লালপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।

র‌্যাব আরও জানায়, মাদকবিরোধী অভিযান চলমান থাকবে এবং মাদক চক্রের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।