লক্ষ্মীপুর-৩: জামায়াত প্রার্থী ড. রেজাউল করিমের ফেসবুক পেজ হ্যাকের অভিযোগে জিডি

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ সপ্তাহ আগে

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর-৩ (সদর) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. রেজাউল করিম অভিযোগ করেছেন, তার নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত ফেসবুক পেজ হ্যাক করার চেষ্টা চলছে। রবিবার তিনি সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন।

জিডিতে তিনি উল্লেখ করেন, তার ‘Dr. Rezaul Karim’ নামের ফেসবুক পেজটি নিয়মিত নির্বাচনী কার্যক্রম প্রচারে ব্যবহার করতেন। কিন্তু অজ্ঞাতনামা ব্যক্তিরা পেজে প্রবেশাধিকার পেতে চেষ্টা করছে এবং তার আপলোড করা সাতটি ভিডিওতে কপিরাইট দাবি সাবমিট করেছে।

প্রার্থী জানান, ধারাবাহিক কপিরাইট দাবির কারণে পেজটির রিচ উল্লেখযোগ্যভাবে কমে গেছে, ফলে নতুন পোস্ট দেওয়া কঠিন হয়ে পড়েছে। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, এই বিঘ্ন তার নির্বাচনী প্রচারণাকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করতে পারে এবং তার ও দলের সুনাম ক্ষুণ্ন করতে পারে।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ জিডি গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, “এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”