লক্ষ্মীপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর বার্ষিক আয় ৭ লাখ টাকা, সম্পদ ১১ লাখ টাকার বেশি

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৭ মাস আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. রেজাউল করিম তাঁর নির্বাচনি হলফনামায় নিজেকে পেশায় সাংবাদিক ও লেখক হিসেবে উল্লেখ করেছেন। হলফনামা অনুযায়ী তাঁর বার্ষিক আয় ৭ লাখ টাকা এবং মোট সম্পদের পরিমাণ ১১ লাখ ৬৩ হাজার ৩৯ টাকা।

লক্ষ্মীপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া নির্বাচনি হলফনামা সূত্রে এসব তথ্য জানা গেছে।

হলফনামায় উল্লেখ করা হয়েছে, মো. রেজাউল করিম লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের প্রাণভগবতীপুর গ্রামের বাসিন্দা। তিনি হোছাইন আহমদের ছেলে। বর্তমানে তিনি জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।

হলফনামা অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের সময় তাঁর কাছে নগদ অর্থ ছিল ৩ লাখ ২৯ হাজার ২৯৮ টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা রয়েছে ১ লাখ ১৮ হাজার ৭৪১ টাকা। এ ছাড়া বন্ড, ঋণপত্র এবং স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানিতে তাঁর ৬ লাখ ২৫ হাজার টাকার শেয়ার রয়েছে।

সম্পদের বিবরণে আরও উল্লেখ করা হয়েছে, তাঁর কাছে স্বর্ণসহ বিভিন্ন মূল্যবান ধাতুর তৈরি ২৫ ভরি ওজনের গহনা রয়েছে। এ ছাড়া ৫০ হাজার টাকার বৈদ্যুতিক সামগ্রী এবং ৬০ হাজার টাকার আসবাবপত্র রয়েছে। এসব সম্পদের অর্জনকালীন মূল্য ১১ লাখ ৬৩ হাজার ৩৯ টাকা এবং বর্তমান মূল্য ১১ লাখ ৪৩ হাজার ৩৯ টাকা।

আয়কর সংক্রান্ত তথ্যে হলফনামায় বলা হয়েছে, সর্বশেষ করবর্ষে তিনি ২০ হাজার টাকা আয়কর প্রদান করেছেন।

মামলার তথ্যের অংশে উল্লেখ করা হয়েছে, মো. রেজাউল করিমের বিরুদ্ধে বর্তমানে ৮টি মামলা রয়েছে। এ ছাড়া তিনি অতীতে ৭২টি মামলা থেকে খালাস ও অব্যাহতি পেয়েছেন।