লক্ষ্মীপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৭ দিন আগে

নিজস্ব প্রতিবেদক, রায়পুর (লক্ষ্মীপুর):
লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া-কে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে রায়পুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন। বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে মাঠে মানুষের উপস্থিতি বাড়তে থাকে। দলীয় স্লোগান ও করতালিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠু। বক্তব্য দেন সাবেক পৌর মেয়র ও পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব শফিকুল আলম আলমাস, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম (ভিপি লিটন), পৌর যুবদলের সদস্য সচিব সুজন পাটোয়ারী, উপজেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুর রহমান হৃদয় এবং উপজেলা যুবদল সভাপতি অ্যাডভোকেট আকবর হোসেন আরমান। এ ছাড়া কৃষকদল, তাঁতীদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, জনগণের প্রত্যাশা পূরণে নবনির্বাচিত সংসদ সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাঁরা এলাকার উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ ও কর্মসংস্থান সৃষ্টিতে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

সংবর্ধনার জবাবে আবুল খায়ের ভূঁইয়া বলেন, “রায়পুর ও সদর আংশিক এলাকার মানুষের ভালোবাসা ও সমর্থন আমার প্রতি যে আস্থা প্রকাশ করেছে, তা আমি দায়িত্ব হিসেবে গ্রহণ করছি। দলমত নির্বিশেষে সবার উন্নয়নে কাজ করব।” তিনি শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতকে অগ্রাধিকার দেওয়ার কথাও উল্লেখ করেন।

অনুষ্ঠান শেষে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে তাঁকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পুরো আয়োজনজুড়ে নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা ও উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।