লক্ষ্মীপুর–১ আসনে এনসিপির প্রার্থী মাহবুব আলমের বার্ষিক আয় ১৫ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৭ মাস আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক  : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর–১ (রামগঞ্জ) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলের যুগ্ম-আহ্বায়ক মাহবুব আলম। পেশায় তিনি একজন ব্যবসায়ী। তাঁর বার্ষিক আয় ১৫ লাখ টাকা। তাঁর নামে কোনো ফ্ল্যাট, বাড়ি বা গাড়ি নেই। তবে তাঁর মোট সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ৯৬ লাখ ৭০ হাজার টাকা।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া নির্বাচনী হলফনামা থেকে এসব তথ্য জানা গেছে।

হলফনামা অনুযায়ী, মাহবুব আলম সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ভাই। তিনি রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের নারায়ণপুর এলাকার মোল্লা বাড়ির আজিজুর রহমানের ছেলে। তাঁর বাবা আজিজুর রহমান ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

নির্বাচনী হলফনামায় উল্লেখ করা হয়েছে, ব্যবসা থেকে মাহবুব আলমের বার্ষিক আয় ১৫ লাখ টাকা। সবশেষ তিনি আয়কর হিসেবে ১ লাখ ৫০ হাজার টাকা পরিশোধ করেছেন।

সম্পদের বিবরণে দেখা যায়, মনোনয়নপত্র দাখিলের দিন তাঁর কাছে নগদ অর্থ ছিল ৩০ হাজার টাকা। ব্যাংক এশিয়ায় তাঁর হিসাবে রয়েছে ১ লাখ ৫৩ হাজার ৮২০ টাকা। এ ছাড়া ব্র্যাক ব্যাংকে ৭৮৭ টাকা, প্রাইম ব্যাংকে ৬ টাকা এবং এনআরবিসি ব্যাংকে ৫ টাকা জমা রয়েছে।

হলফনামা অনুযায়ী, ক্যাসেল হিল ইন্ডাস্ট্রিজ লিমিটেডে তাঁর মালিকানায় রয়েছে ৬ হাজার ৫০০ শেয়ার, যার বাজারমূল্য ৬ লাখ ৫০ হাজার টাকা। অরটেক্স টেক লিমিটেডে তাঁর ১৩ হাজার ৪০০ শেয়ার রয়েছে, যার মূল্য দেখানো হয়েছে ১৩ লাখ ৪০ হাজার টাকা।

এ ছাড়া তাঁর মালিকানায় রয়েছে ৮ লাখ টাকা মূল্যের স্বর্ণসহ বিভিন্ন ধাতুর গহনা এবং ৫০ হাজার টাকার ইলেকট্রিক পণ্য। প্রোপ্রাইটরশিপ ব্যবসার মূলধন দেখানো হয়েছে ৭৬ লাখ টাকা।

হলফনামায় উল্লিখিত তথ্য অনুযায়ী, মাহবুব আলমের অর্জনকালীন মোট আয় ১ কোটি ৫ লাখ ২৪ হাজার ৬১৮ টাকা। যার বর্তমান আনুমানিক মূল্য ধরা হয়েছে প্রায় ১ কোটি ১০ লাখ টাকা।