

উর্বরতা নষ্টের আশঙ্কা, প্রশাসনের হস্তক্ষেপ চান কৃষকেরা
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর সদর উপজেলার চর রমনী মোহন ইউনিয়নে ফসলি জমির উপরিভাগের মাটি (টপ সয়েল) কেটে ইটভাটায় বিক্রি করায় জমির উর্বরতা নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। কয়েক দিন ধরে ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মমিন হাওলাদারের গুজার এলাকায় এভাবে মাটি কাটা চলছে বলে অভিযোগ করেছেন স্থানীয় কৃষকেরা।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, কবির নামের এক মাটির সর্দারের মাধ্যমে ওই এলাকার কৃষিজমির টপ সয়েল কেটে ট্রাকে করে আশপাশের বিভিন্ন ইটভাটায় সরবরাহ করা হচ্ছে। গত কয়েক দিনে গ্রামের প্রায় ৫০ শতাংশ জমির তিন থেকে চার ফুট গভীর করে মাটি কেটে নেওয়া হয়েছে।
অভিযোগ রয়েছে, মাটি পরিবহনের জন্য পাশের অন্যান্য কৃষি জমির ওপর দিয়ে জোরপূর্বক অস্থায়ী রাস্তা নির্মাণ করা হয়েছে। এতে জমির মালিকরা ক্ষতির মুখে পড়েছেন। একই সঙ্গে ভারী ট্রাক চলাচলের কারণে গ্রামীণ সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। অথচ সড়কটি কিছুদিন আগেই সংস্কার করা হয়েছিল।
স্থানীয় কৃষকেরা জানান, তারা একাধিকবার মাটি কাটায় বাধা দেওয়ার চেষ্টা করেন। তবে ইটভাটার লোকজন জোরপূর্বক মাটি কেটে নিয়ে যাচ্ছেন। এতে বর্ষা মৌসুমে জমি ধসে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে বলে আশঙ্কা করছেন তারা।
কৃষি বিশেষজ্ঞদের মতে, ফসলি জমির টপ সয়েল সবচেয়ে উর্বর স্তর। এটি কেটে নেওয়া হলে জমির উৎপাদনক্ষমতা মারাত্মকভাবে কমে যায়। ভবিষ্যতে ওইসব জমিতে ফসল উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
উল্লেখ্য, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী কৃষি জমির টপ সয়েল কাটা দণ্ডনীয় অপরাধ। এ অপরাধে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।
এ বিষয়ে স্থানীয় কৃষকেরা দ্রুত প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন। তারা বলছেন, এখনই ব্যবস্থা না নিলে একদিকে যেমন কৃষিজমি নষ্ট হবে, অন্যদিকে এলাকার কৃষি উৎপাদন দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হবে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com