
নাজমুল হোসেন : লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ। আগামী চার বছরের জন্য তাঁকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে গতকাল রোববার (৭ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ। আজ সোমবার সকালে প্রজ্ঞাপনের বিষয়টি জানাজানি হলে সামাজিক যোগাযোগমাধ্যমসহ জেলার বিভিন্ন মহলে আনন্দের বন্যা বয়ে যায়। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নতুন উপাচার্যকে অভিনন্দন জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিসহ জেলার বিভিন্ন স্তরের মানুষ।
ড. মোহাম্মদ হানিফ মুরাদ এর আগে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ফলিত গণিত বিভাগের অধ্যাপক এবং একই বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ড. হানিফ মুরাদকে নোবিপ্রবির ট্রেজারার পদ থেকে অব্যাহতি দিয়ে লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগের শর্তানুযায়ী, উপাচার্য হিসেবে তাঁর মেয়াদকাল হবে যোগদানের তারিখ থেকে পরবর্তী ৪ বছর। তবে এর মধ্যে তাঁর সরকারি অবসরের বয়স পূর্ণ হলে যেটি আগে আসবে, সেই অনুযায়ী তাঁর মেয়াদ নির্ধারিত হবে। তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি ও বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাঁকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে। তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন।
সম্প্রতি মন্ত্রিপরিষদ সভায় লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইনের চূড়ান্ত অনুমোদনের পর এবার উপাচার্য নিয়োগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টির আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর পথে আরও এক ধাপ এগিয়ে গেল।
