
নাজমুল হোসেন : লক্ষ্মীপুর পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক এডিপি ও রাজস্ব খাতের চলমান কাজ পরিদর্শন করেছেন পৌর প্রশাসক মো. জসিম উদ্দিন। শনিবার তিনি সরেজমিনে গিয়ে বিভিন্ন সড়ক উন্নয়ন কাজের অগ্রগতি ও মান যাচাই করেন।
পরিদর্শনকালে তিনি পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের সেরাজুল হক মেস্তরীবাড়ি সড়ক এবং মোহাম্মদুল্লাহ এমপি সংযোগ সড়কসহ মোট ৬৯১ মিটার রাস্তার সলিং ও বিভিন্ন ঢালাই কাজ ঘুরে দেখেন। এছাড়াও পৌরসভার আওতাধীন আরও কয়েকটি উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন করেন তিনি।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী জুয়েল, সহকারী প্রকৌশলী ইশাকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পরিদর্শন শেষে কাজের মান সন্তোষজনক হওয়ায় সংশ্লিষ্ট ঠিকাদারকে ধন্যবাদ জানান পৌর প্রশাসক। তিনি বলেন, জনগণের টাকায় পরিচালিত উন্নয়ন প্রকল্পে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। উন্নয়ন কাজের মান নিশ্চিত করতে নিয়মিত তদারকি অব্যাহত থাকবে।
পৌর প্রশাসক আরও বলেন, লক্ষ্মীপুর পৌরসভাকে একটি আধুনিক ও বাসযোগ্য শহরে গড়ে তুলতে পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে সব উন্নয়ন কাজ শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে দীর্ঘদিন ধরে কাঁচা থাকা এসব সড়কে সলিং ও পাকা কাজ হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে রাস্তা কাঁচা থাকায় বিশেষ করে বর্ষা মৌসুমে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হতো। কাদা ও পানির কারণে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষের যাতায়াত ছিল খুবই কষ্টকর।
তারা আশা করছেন, নতুন করে সড়ক উন্নয়ন কাজ শেষ হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হবে এবং স্থানীয় মানুষের ভোগান্তিও কমবে।
