

লক্ষ্মীপুর জেলায় জনসংখ্যা রয়েছে প্রায় ১৮ লাখ। জনগণের, মধ্যে সরকারি সেবা পৌঁছে দেওয়ার জন্য রয়েছে লক্ষ্মীপুর জেলায় ৫৮টি ইউনিয়ন পরিষদ। এর মধ্যে ২২টি পরিষদের নেই নিজস্ব ভবন। ভাড়া করা দোকানে চলে পরিষদের সকল কার্যক্রম। এতে করে দুর্ভোগে পড়ে সাধারণ জনগণ।
স্থানীয়রা অভিযোগ করেন, পরিষদের স্থায়ী ভবন না থাকায় চেয়ারম্যান বদলের সঙ্গে সঙ্গে অফিসের ঠিকানাও বদল হয়ে যায়।
সরেজমিনে দেখা যায়, লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার এলাকায় একটি ভাড়া দোকান ঘরে রয়েছে দালাল বাজার ইউনিয়ন পরিষদ কার্যালয়। নিজস্ব ভবন না থাকায় এই ইউনিয়ন পরিষদের কার্যক্রম চলছে ভাড়া করা দোকান ঘরে। এতে গ্রাম আদালত পরিচালনাসহ ব্যাহত হচ্ছে দাপ্তরিক ও প্রশাসনিক নানান কাজ। ডিজিটাল সেন্টারের উদ্যোক্তারা কোনো রকমে চালাচ্ছেন তাদের কার্যক্রম। একই অবস্থা কমলনগর উপজেলার তোরাবগঞ্জ, সাহেবের হাট, পাটোয়ারীর হাট, চরকালকিনি ও সদর উপজেলার রসুলগঞ্জ ইউনিয়ন পরিষদ।
চররুহিতা ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তারা ইফতেখার সাকিব বলেন, ডিজিটাল সেন্টারের কক্ষটি একেবারে ছোট হওয়ায় সেবা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) মাহবুবুর রহমান বলেন, এখানে আমার নিজের একটা অফিস রুম নাই, চেয়ারম্যান সাহেবের আলাদা কোনো রুম নাই, ডিজিটাল সেন্টারের জন্যও আলাদা কোনো কক্ষ নেই।
সদর উপজেলার দালাল বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, লক্ষ্মীপুরের উপশহর হচ্ছে দালাল বাজার। এই বাজারের প্রাণ কেন্দ্র হচ্ছে দালাল বাজার ইউনিয়ন পরিষদ। অদৃশ্য কারণে এখনও দালাল বাজার ইউনিয়ন পরিষদের স্থায়ী কমপ্লেক্স ভবন নির্মিত হয়নি।
তিনি আক্ষেপ করে আরও বলেন, গত ২০ বছর ধরে একটি দোকান ঘরে চলছে ইউনিয়ন পরিষদের কার্যক্রম, যা রীতিমতো লজ্জাকর বিষয়।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com