
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর জেলায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ১৭ শহীদের পরিবারকে দুই লাখ টাকা করে মোট ৩৪ লাখ টাকা অনুদান প্রদান করা হয়।
আজ বুধবার সকালে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শহীদ পরিবারগুলোর সদস্যদের মধ্যে এ অনুদান বিতরণ করা হয়।
লক্ষ্মীপুরের জেলা প্রশাসক রাজীব কুমার সরকার এর সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেপি দেওয়ানের সঞ্চালনায় এ অনুষ্ঠানে লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার মো. আকতার হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিবৃন্দ এবং শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
লক্ষ্মীপুর জেলা প্রশাসন সূত্র, গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে লক্ষ্মীপুর জেলায় ৪ জনসহ দেশের বিভিন্ন স্থানে আরও ১৩ জন মারা গেছেন এবং আহত হয়েছেন ২৬০ জন।
লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মো. আকতার হোসেন জানান, “শহীদ পরিবারের নিরাপত্তাসহ যেকোনো প্রয়োজনে তাদের পাশে রয়েছে পুলিশ প্রশাসন। এসব ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।”
লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, “গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবেন। তাঁদের পরিবারের প্রতি সরকারের এই সহায়তা কেবল একটি আর্থিক অনুদান নয়, বরং এটি তাঁদের আত্মত্যাগের প্রতি আমাদের সম্মান ও কৃতজ্ঞতার প্রতিফলন।”
